দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: প্রথম দল হিসেবে ২০২৬ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে উঠেছে মেক্সিকো। শুক্রবার (১৯ জুন) গুয়াদালাহারায় গ্রুপের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ১–০ গোলে হারিয়েছে তারা।

এর আগে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২–০ গোলে জিতেছিল মেক্সিকো। দুই ম্যাচে দলটির মোট পয়েন্ট ৬। দক্ষিণ কোরিয়ার পয়েন্ট ৩। গ্রুপের অন্য দুই দল দক্ষিণ আফ্রিকা ও চেক প্রজাতন্ত্রের পয়েন্ট ১ করে হওয়ায় মেক্সিকোর শীর্ষ দুইয়ে থাকা এখনই নিশ্চিত হয়ে গেছে।

এক ম্যাচ হাতে রেখে দ্বিতীয় রাউন্ড নিশ্চিতের পথে মেক্সিকোর জয়সূচক গোলটি করেছেন লুইস রোমো।

৫৭ শতাংশ বল দখল করে ম্যাচে এগিয়ে থাকার পরও একাধিক সুযোগ হাতছাড়া করে জেতা হলো না দক্ষিণ কোরিয়ার। দুই দলই সমান ৮টি করে শট নিয়েছে। মেক্সিকো ৪টি লক্ষ্যে রাখলেও কোরিয়া রেখেছে দুটি মাত্র।

৫০ মিনিটে গোল করে মেক্সিকোকে এগিয়ে নেন লুইস রোমো। বাম প্রান্তে বল পেয়ে হুলিয়ান কুইনোনেস বক্সে ক্রস পাঠান রাউল জিমেনেজের দিকে। তার হেড উঠে যায় সোজা আকাশে।

বলটি নিজের নিয়ন্ত্রণে নিতে গোললাইন ছেড়ে বেরিয়ে আসেন দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক কিম সেউং-গিউ । কিন্তু সহজ ক্যাচ নিতে গিয়ে তিনি বড় ভুল করেন এবং বলটি হাত ফসকে সামনে পড়ে যায়। সুযোগের অপেক্ষায় থাকা লুইস রোমো কোনো ভুল করেননি। সামনে পাওয়া বল জালে জড়িয়ে মেক্সিকোকে এগিয়ে দেন।

গোল হজমের পর সেটি হজম করতে উঠেপড়ে লাগে কোরিয়া। তবে যেখানে তাদের গোলকিপার ভুল করে দলকে বিপদে ফেলে দেয়। সেখানে ঠিক উল্টো পারফরম্যান্স দেখায় মেক্সিকোর গোলকিপার। বিশেষ করে ৮৭ মিনিটে রাউল রেঞ্জেল দারুণ সেভ করেন।

বাম দিক থেকে ভেসে আসা ক্রস দূরের পোস্টে বাঁক নিয়ে আসে। চো গু-সাং বলটিকে হেড দেন। কিন্তু মেক্সিকো গোলকিপার রাউল দুর্দান্তভাবে একদম কাছ থেকে সেভ করেন। এরপর ফিরতি বলেও আবার পা লাগান চো গু-সাং। তবে রেঞ্জেল তার আঙুলের ডগা দিয়ে সেটিও অবিশ্বাস্যভাবে ঠেকিয়ে দেন।

সবচেয়ে সহজ সুযোগটি পেয়েও গোল করতে না পারায় হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে দক্ষিণ কোরিয়াকে। অপেক্ষা বেড়েছে দ্বিতীয় রাউন্ডে যাওয়ারও। আগামী ২৪ জুন তারা পরবর্তী ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। আর মেক্সিকো মুখোমুখি হবে চেক প্রজাতন্ত্রের।

—জা. অর্থনীতি/এএইচএ