যশোর প্রতিনিধি: “ক্রীড়াতাই হোক সৌহার্দ্য ও সম্প্রীতির সেতুবন্ধন” স্লোগানকে সামনে রেখে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল ও কাবাডি প্রতিযোগিতা। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল সাড়ে ১১টায় যবিপ্রবির বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেসিয়ামে এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. ইঞ্জি. ইমরান খান। যবিপ্রবির শরীরচর্চা শিক্ষা দপ্তর এই প্রতিযোগিতার আয়োজন করেছে।
১৮ জুন থেকে ২২ জুন পর্যন্ত চলমান এই আসরে দেশের ১০টি বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল (ছাত্র ও ছাত্রী) এবং কাবাডি (ছাত্র) দল অংশগ্রহণ করছে। অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলো হলো— যবিপ্রবি, বাকৃবি, ঢাবি, রাবি, জাবি, জবি, চবি, ইবি, রাবিপ্রবি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়। আগামী ২২ জুন এই প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ইমরান খান বলেন, যবিপ্রবি শিক্ষার পাশাপাশি খেলাধুলায় একটি মাইলফলক। তুলনামূলক কম বয়সের এই বিশ্ববিদ্যালয়টি খেলাধুলার ধারাবাহিকতায় অন্যান্যদের চেয়ে অনেক এগিয়ে আছে। এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরি হবে এবং বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পারস্পরিক সুসম্পর্ক গড়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি খেলোয়াড়দের খেলোয়াড়সুলভ আচরণ বজায় রাখার আহ্বান জানান।
ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন ও উদ্বোধনী অনুষ্ঠানের আহ্বায়ক অধ্যাপক ড. মো. জিয়াউল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. শাহেদুর রহমান। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান, হল প্রভোস্ট এবং অংশগ্রহণকারী দলগুলোর খেলোয়াড় ও প্রশিক্ষকেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শরীরচর্চা শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল ওয়াহেদ।
—জা. অর্থনীতি/এলএটি