সিডনির ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’ মেলায় বাংলাদেশি পোশাকের ১১ স্টল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর পৃষ্ঠপোষকতায় ও অস্ট্রেলিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় তিন দিন ব্যাপী (১৬-১৮ জুন) অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত হচ্ছে ‘Global Sourcing Expo’ শীর্ষক মেলা।

আয়োজিত মেলায় অংশগ্রহনকারী বাংলাদেশের তৈরি পোশাক খাতের ১১টি স্টলের উদ্বোধন করেন অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এফ এম বোরহান উদ্দিন।  এসময় কমার্শিয়াল কাউন্সেলর রনি চাকমা ও আয়োজনকারী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী জুলি হল্ট উপস্থিত ছিলেন।  

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আগত অংশগ্রহণকারীগণসহ আগ্রহী অস্ট্রেলিয়ান আমদানীকারকরাও উপস্থিত ছিলেন। এ মেলায় বিশ্বের ২০টি দেশ হতে ৬০০ এর অধিক এক্সিবিটর অংশগ্রহণ করছে।

‘Global Sourcing Expo’ শীর্ষক মেলাটি  হলো অস্ট্রেলিয়ার একমাত্র প্রিমিয়ার আন্তর্জাতিক সোর্সিং প্রদর্শনী, যেখানে সোর্সিং পেশাজীবীরা বিশ্বের বিভিন্ন দেশের প্রস্তুতকারক ও সরবরাহকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগ ও ব্যবসায়িক সুযোগ অন্বেষণ করতে পারেন। 

এই প্রদর্শনীতে পোশাক, জুতা, ফ্যাশন অ্যাকসেসরিজ, বস্ত্র এবং গৃহসজ্জা সামগ্রীসহ বিভিন্ন খাতের পণ্য ও সেবার প্রদর্শন করা হয়। বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সক্ষমতা তুলে ধরার নিমিত্ত মেলার দ্বিতীয় দিন (১৭ জুন) ‘Bangladesh RMG and other Emerging Sectors: Sustainable Manufacturing and New Horizons for Australia–Bangladesh Trade’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। উক্ত সেমিনারে বাংলাদেশ হাইকমিশন ক্যানবেরা এর প্রতিনিধি হিসাবে কমার্শিয়াল কাউন্সেলর রনি চাকমা সেমিনারে বক্তৃতা প্রদান করবেন। 

এছাড়াও মেলার প্রথম দিনে বাংলাদেশ থেকে আগত ১১টি কোম্পানির প্রতিনিধিদের উদ্দেশ্যে বাংলাদেশ হাইকমিশন কর্তৃক তাৎক্ষণিকভাবে একটি ব্রিফিং সেশনের আয়োজন করা হয়। উক্ত ব্রিফিং সেশনটি পরিচালনা করেন অস্ট্রেলিয়া ট্রেড এন্ড লজিস্টিকস কর্পোরেশন এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা লরেন্স ক্রিস্টোফেলজ। 

বাংলাদেশ প্যাভিলিয়নে অংশগ্রহণকারী বাংলাদেশী প্রতিষ্ঠানসমূহ বিশ্বের বিভিন্ন দেশ হতে মেলায় আগত আগ্রহী দর্শনার্থী/ক্রেতা/বিপণনকারী এবং পাইকারী-খুচরা ব্যবসায়ী প্রতিনিধিগণের সঙ্গে মতবিনিময় করবেন এবং B2B নেটওয়াকিং -এর মাধ্যমে ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলবেন। তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক মেলায় বাংলাদেশের উদ্যমী উৎপাদক ও বিপণনকারী প্রতিষ্ঠানসমূহ অংশগ্রহণ এবং B2B নেটওয়াকিং-এর মাধ্যমে অস্ট্রেলিয়া তথা বিশ্বের তৈরি পোশাক পণ্যের বাজারে-বাংলাদেশের অবস্থানকে আরও সুসংহত করবে এবং পণ্যাদি রপ্তানিতে নতুন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিগণ দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

—জা. অর্থনীতি/এএইচএ