ম্যাচ শেষে স্টেডিয়াম পরিচ্ছন্নতায় জাপানি সমর্থকরা
ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: খেলা শেষ হতেই মাঠ ছাড়েন না তারা, বরং পুরো স্টেডিয়াম পরিষ্কার করার পরই স্টেডিয়াম ত্যাগ করেন। কাতার বিশ্বকাপের পর এবার আমেরিকার মাটিতেও দেখা গেল জাপানি সমর্থকদের সেই চিরোচেনা রূপ। রোববার (১৪ জুন) নেদারল্যান্ডসের বিপক্ষে দুবার পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ২-২ গোলে ম্যাচটা ড্র করেছে জাপান। দাইচি কামাদার শেষ মুহূর্তের গোল জাপানি ভক্তদের নিরাশ হওয়ার শঙ্কা দূর করে দেয় ।

কিন্তু সেই উৎসবের রেশ কাটতে না কাটতেই গ্যালারিতে দেখা গেল অন্য এক দৃশ্য। যে দৃশ্যটা এখন আর ফুটবল দুনিয়ায় নতুন কিছু নয়, প্রতিবারই তা দেখা যায়। আর সেটা এড়িয়ে যাওয়ার সুযোগ থাকে না। বিশ্বজুড়ে ফুটবল স্টেডিয়ামগুলো পরিষ্কার করার মাধ্যমে এক অনন্য দৃষ্টিভঙ্গি তৈরি করেছেন তারা। যেখানে বেশিরভাগ ক্রীড়ামোদী খেলা শেষে প্লাস্টিকের আবর্জনার ওপর দিয়ে হেঁটে মাঠ ছাড়েন, সেখানে জাপানের দর্শকদের ক্ষেত্রে দেখা যায় সম্পূর্ণ ভিন্ন এক দায়িত্বশীল চিত্র।

ইতিহাস থেকে জানা যায়, ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপে জাপান যখন প্রথমবারের মতো অংশ নেয়, সেবারই প্রথম খেলা শেষে স্টেডিয়ামের গ্যালারি পরিষ্কার করতে দেখা গিয়েছিল জাপানিজ সমর্থকদের। এরপর থেকে বিশ্বকাপ, অলিম্পিক বা যেকোনো বড় ক্রীড়া আসরেই এটি তাদের একটি নিয়মিত প্রথায় পরিণত হয়েছে। এমনকি কাতার বিশ্বকাপে জার্মানির বিপক্ষে ২-১ গোলের অবিশ্বাস্য জয়ের পরও উদযাপনের মাঝেই খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের গ্যালারি পরিষ্কার করতে নেমে পড়েছিলেন সামুরাই ব্লুর সমর্থকরা।

জাপানিজ একটি প্রবাদ রয়েছে— ‘তাতসু তোরি এতো ও নিগোসাজু’, যার আক্ষরিক অর্থ হলো, ‘একটি পাখি তার পেছনে কোনো চিহ্ন রেখে যায় না’। এর অন্তর্নিহিত ভাবার্থ হলো— কোনো স্থান আপনি যেভাবে পেয়েছিলেন, ঠিক সেভাবেই পরিচ্ছন্ন রেখে যান।

ওসাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের অধ্যাপক স্কট নর্থ ২০১৮ সালে বিষয়টি ব্যাখ্যা করে বলেছিলেন, "ফুটবল ম্যাচ শেষে স্টেডিয়াম পরিষ্কার করার এই প্রবণতা আসলে স্কুলজীবন থেকে শেখা মৌলিক আচরণেরই একটি অংশ। জাপানে শিশুরা নিজেদের ক্লাসরুম এবং বারান্দা নিজেরাই পরিষ্কার করে। শৈশবজুড়ে এই অভ্যাসের ক্রমাগত অনুশীলনের ফলে এটি তাদের স্বভাবের অংশ হয়ে দাঁড়ায়"।

জাপান-ভিত্তিক সাংবাদিক স্কট ম্যাকইন্টায়ারও একই সুর মিলিয়ে বলেন, "এটি কেবল ফুটবল সংস্কৃতির অংশ নয়, বরং পুরো জাপানি সংস্কৃতিরই একটি রূপ। অনেকেই বলেন ফুটবল হলো সংস্কৃতিরই প্রতিফলন। জাপানি সমাজের একটি গুরুত্বপূর্ণ দিক হলো সবকিছু একদম নিখুঁত ও পরিষ্কার রাখা। যেকোনো খেলাধুলার ক্ষেত্রে, বিশেষ করে ফুটবলে এর প্রতিফলন দারুণভাবে দেখা যায়।"

—জা. অর্থনীতি/এলএটি