ব্যারাকে কনস্টেবলের মৃত্যু, চিরকুটে লিখলেন ‘কেউ দায়ী নয়’
ছবি সংগৃহীত

বরগুনা প্রতিনিধি: বরগুনার তালতলী থানায় কর্মরত পুলিশ কনস্টেবল মো. ফারুক হোসেন গাজী (৫৫) মারা গেছেন। 

রোববার (১৪ জুন) সকালে থানার ব্যারাকে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে তার লেখা ৪ পৃষ্ঠার একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ।

নিহত ফারুক হোসেন গাজী ঝালকাঠী জেলার রাজাপুর উপজেলার আংগারিয়া গ্রামের রতন আলী গাজীর ছেলে। তিনি কনস্টেবল তালতলী থানায় কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল ৯টার দিকে থানার ব্যারাকে নিজ কক্ষে তাকে অসুস্থ অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে সহকর্মীরা দ্রুত তাকে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সকাল ৯টা ৩০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক ডা. সোহাগ তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পুলিশ তার কক্ষ থেকে ৪ পৃষ্ঠার একটি চিরকুট উদ্ধার করে। চিরকুটে তিনি নিজের মৃত্যুর জন্য কাউকে দায়ী করেননি। এছাড়া মৃত্যুর পর তার মরদেহ পৈতৃক বাড়িতে পাঠানোর অনুরোধ এবং পারিবারিক কিছু ব্যক্তিগত বিষয় উল্লেখ করেছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

ঘটনার বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (আমতলী তালতলী সার্কেল) সাংবাদিকদের বলেন, মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। উদ্ধার হওয়া চিরকুটে নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি। সকালে খবর পেয়ে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ আরও জানায়, ফারুক হোসেন গাজী প্রায় এক মাস আগে পাথরঘাটা থানা থেকে বদলি হয়ে তালতলী থানায় যোগদান করেছিলেন।

তার আকস্মিক মৃত্যুতে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে এবং মৃত্যুর কারণ উদঘাটনের তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

—জা. অর্থনীতি/এনজে