ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির টহল জোরদার, নেই পুশ-ইনের ঘটনা
ছবি সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ভারতের সঙ্গে সংযুক্ত ব্রাহ্মণবাড়িয়া জেলার ৭৩ কিলোমিটার সীমান্ত এলাকায় নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। মাদক পাচার, চোরাচালান এবং সম্ভাব্য অবৈধ ভাবে পুশ-ইন প্রতিরোধে সীমান্তজুড়ে সতর্ক অবস্থানে রয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

জেলার বিজয়নগর, আখাউড়া ও কসবা উপজেলা নিয়ে বিস্তৃত এ সীমান্ত এলাকায় বিভিন্ন ক্যাম্পের বিজিবি সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বাড়ানো হয়েছে টহল, নজরদারি ও গোয়েন্দা তৎপরতা।

রোববার (১৮ জুন) সীমান্ত এলাকা পরিদর্শনে গিয়ে দেখা যায়, বিভিন্ন সীমান্ত পয়েন্টে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করছেন। সীমান্তের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক থাকলেও যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি রাখা হয়েছে।

এ বিষয়ে ২৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ বলেন, ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জেলার কোনো সীমান্ত দিয়েই এ পর্যন্ত পুশ-ইনের ঘটনা ঘটেনি।

তিনি বলেন, সীমান্ত দিয়ে যাতে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, মাদক পাচার কিংবা চোরাচালান সংঘটিত না হতে পারে, সে লক্ষ্যে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। সীমান্তের বিভিন্ন পয়েন্টে নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও জানান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে সদস্যরা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সার্বক্ষণিক পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে।

—জা. অর্থনীতি/এনজে