নিজস্ব প্রতিবেদক, ঢাকা: দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম প্রধান এভিয়েশন হাবে পরিণত হওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে বাংলাদেশ। এ লক্ষ্য অর্জনে বেসামরিক বিমান চলাচল খাতে সমন্বিত উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনার কথা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবে তুলে ধরা হয়েছে।
অর্থমন্ত্রী তাঁর বাজেট বক্তব্যে বলেন, আন্তর্জাতিক যোগাযোগ, বাণিজ্য ও পর্যটনের প্রসারে বিমান পরিবহন খাতের সক্ষমতা বৃদ্ধি করা হবে। এ জন্য ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
বাজেট প্রস্তাব অনুযায়ী, জাতীয় এয়ার কানেকটিভিটি গ্রিড গড়ে তোলার পাশাপাশি ঢাকা, চট্টগ্রাম ও সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ যাত্রী ও লজিস্টিকস হাবে উন্নীত করা হবে। একই সঙ্গে কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক গেটওয়ে হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা বিমানের আন্তর্জাতিক সংযোগ সম্প্রসারণ, যাত্রীসেবা ও কার্গো ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং আধুনিক উড়োজাহাজ বহর সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর প্রস্তুতির কথাও বাজেট প্রস্তাবে উল্লেখ করা হয়েছে।
সরকারের আশা, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশ আঞ্চলিক বিমান যোগাযোগের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে। একই সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন এবং লজিস্টিকস খাতের বিকাশে নতুন সুযোগ সৃষ্টি হবে।
—জা.অর্থনীতি/আরএস