গাইবান্ধায় রেলের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
ছবি: জাতীয় অর্থনীতি

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা রেলস্টেশন এলাকায় রেলওয়ের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। 

মঙ্গলবার (৯ জুন) সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চলে। 

রেলওয়ে সুত্রে জানা যায়, নলডাঙ্গা রেলস্টেশন ও ১নং রেলগেইটের আশেপাশে প্রায় অর্ধশতাধিক অবৈধ ভাবে গড়ে ওঠা ছোট-বড় ব্যবসা প্রতিষ্ঠান গুঁড়িয়ে দেওয়া হয়েছে। 

রেলওয়ে পুলিশ ও সাদুল্লাপুর থানা পুলিশের সহাতায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাটের বিভাগীয় নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুনজুরুল ইসলাম। 

দীর্ঘদিন ধরে এসব ব্যবসায়ী রেলওয়ের জায়গা অবৈধভাবে দখল করে স্থাপনা গড়ে তুলে ব্যবসা বাণিজ্য করে আসছিলেন। তাদেরকে এসব অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য একাধিকবার তাগিদ দেওয়া হলেও তারা কোনো কর্ণপাত করেননি। এছাড়া এর আগে এসব অবৈধ উচ্ছেদ অভিযান নিয়ে নলডাঙ্গা বন্দরসহ আশেপাশের এলাকায় ব্যাপক ভাবে মাইকিং করা হয়। 

অভিযানের বিষয়টি নিশ্চিত করে রেলওয়ের ম্যাজিষ্ট্রেট মুনজুরুল ইসলাম বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বিক সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়েছে।

দীর্ঘদিন ধরে নলডাঙ্গা রেলস্টেশন এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা ৫০টির বেশি দোকান ঘর উচ্ছেদ করা হয়েছে। তবে রেলওয়ের এ অভিযান অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন রেলওয়ের ফিল্ড কানুনগো মো. ফোরকান ও সার্ভেয়ার।

—জা. অর্থনীতি/এনজে