১৭ জুন রাজনগরে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী
ফাইল ছবি

মৌলভীবাজার প্রতিনিধি: আগামী ১৭ জুন রাজনগরে তৃতীয় দফা ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে প্রধানমন্ত্রীর সম্ভাব্য আগমনকে কেন্দ্র করে প্রস্তুতি শুরু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) দুপুরে রাজনগর ডিগ্রি কলেজ মাঠ পরিদর্শন করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল ও জেলা বিএনপির নেতৃবৃন্দ। এ সময় তারা সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন।

মাঠ পরিদর্শনে উপস্থিত ছিলেন— জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ুন, সদস্য সচিব মো. আব্দুর রহিম রিপন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ মো. আব্দুল মুকিত, রাজনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম শেলুন এবং সাধারণ সম্পাদক মো. আব্বাস আলী মাস্টারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরিদর্শনকালে মাঠের ধারণক্ষমতা, মঞ্চ নির্মাণ, নিরাপত্তা ব্যবস্থা ও দর্শক গ্যালারি স্থাপন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিএনপি নেতারা বলেন, রাজনগরের উন্নয়ন ও জনগণের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো সরকারের উচ্চপর্যায়ের নজরে আনা প্রয়োজন। তারা আশা প্রকাশ করেন, এ সফরের মাধ্যমে এলাকার দীর্ঘদিনের বিভিন্ন দাবি ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের পথ সুগম হবে।

জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, ভিআইপি সফর উপলক্ষে সব ধরনের নিরাপত্তা ও লজিস্টিক সাপোর্ট প্রস্তুত রাখা হচ্ছে। তবে সফর চূড়ান্ত না হওয়া পর্যন্ত সব কার্যক্রম প্রস্তুতি পর্যায়েই থাকবে।

—জা. অর্থনীতি/এলএটি