মৌলভীবাজার প্রতিনিধি: ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে মৌলভীবাজার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পোস্টারিং করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। রোববার (৭ জুন) শহরের আদালত সড়ক, চৌমুহনা, কুসুমবাগ, পৌরসভা, রাজনগর উপজেলা পরিষদ ও শাহ মোস্তফা সড়কসহ বিভিন্ন এলাকায় এই পোস্টারগুলো দেখা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, পোস্টারগুলোতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন স্লোগান এবং ছয় দফা আন্দোলনের বিষয়বস্তু উল্লেখ ছিল। এই ঘটনায় জেলার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহান খানের ঘনিষ্ঠ কয়েকজন কর্মী ও সমর্থকের সহযোগিতায় এসব পোস্টার লাগানো হয়েছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, ১৯৬৬ সালের ৭ জুন তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে ঘোষিত ঐতিহাসিক ছয় দফা ছিল বাঙালির স্বাধিকার আন্দোলনের অন্যতম ভিত্তি।
—জা. অর্থনীতি/এলএটি