বিনোদন ডেস্ক: জনপ্রিয় গোয়েন্দা চরিত্র শার্লক হোমসের বোন এনোলা হোমস দুঁদে গোয়েন্দা। তার রহস্যময় অভিযান নিয়ে তৈরি হয়েছে ‘এনোলা হোমস’ নামের দুটি সিনেমা। এবার আসছে সিনেমাটির তৃতীয় পর্ব। জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে আগামী ১লা জুলাই মুক্তি পাবে ‘এনোলা হোমস থ্রি’। সম্প্রতি সিনেমাটির ফার্স্টলুক প্রকাশ করে মুক্তির তারিখ ঘোষণা করে নেটফ্লিক্স। ২০২৪ সালের নভেম্বরেই জানা গিয়েছিলো সিনেমাটি পরিচালনার দায়িত্বে রয়েছেন ফিলিপ বারান্তিনি।
এ পর্বেও প্রধান চরিত্রে পাওয়া যাবে অভিনেত্রী মিলি ববি ব্রাউনকে। শার্লক হোমস হিসেবে দেখা যাবে হেনরি কাভিলকে এবং হোমস পরিবারের প্রধান নারী সদস্যের ভূমিকায় থাকছেন হেলেনা বোনহ্যাম কার্টার। এ ছাড়া, টেউসবারির চরিত্রে লুই পার্ট্রিজ ও ওয়াটসনের ভূমিকায় অভিনয় করেছেন হামিশ প্যাটেল।
নেটফ্লিক্সের এই সময়ের সবচেয়ে আলোচিত সিরিজ ‘অ্যাডোলেসেন্স’-এর চিত্রনাট্যকার ও পরিচালক যুক্ত হয়েছেন ‘এনোলা হোমস থ্রি’ সিনেমার সঙ্গে। চিত্রনাট্য লিখেছেন জ্যাক থর্ন আর পরিচালনার দায়িত্ব সামলেছেন ফিলিপ বারান্তিনি।
নতুন পর্বে এনোলা হোমসের অভিযান মাল্টায়। সেখানে তার ব্যক্তিগত ও পেশাগত স্বপ্নগুলো এমন একটি মামলার মোড়ে এসে দাঁড়ায়, যা তার আগের যে কোনো মামলার চেয়ে বেশি জটিল ও বিপজ্জনক।
উল্লেখ্য, এর আগের দুই কিস্তিতে এনোলাকে দেখা গেছে তার বিখ্যাত ভাই শার্লক হোমস-এর পথ অনুসরণ করে লন্ডন জুড়ে নানা রহস্যের সমাধান করতে। ন্যান্সি স্প্রিনগার-এর বই সিরিজ অবলম্বনে নির্মিত প্রথম সিনেমাটি ২০২০ সালে করোনা মহামারির সময় মুক্তি পেয়ে দ্রুতই দর্শকদের ভালোবাসা অর্জন করে।
—জা. অর্থনীতি/এনএ