বদলে গেলো জেমসের ‘নগর বাউল’-এর গিটারিস্ট

বিনোদন প্রতিবেদক: সংগীতাঙ্গনে ব্যান্ডদল মানে শ্রোতাদের জন্য নতুন কিছু। গতানুগতিক ধারা থেকে ভিন্ন মাত্রার মিউজিক। ব্যান্ড মানে অনেকগুলো মানুষের একসঙ্গে দীর্ঘ পথ পাড়ি দেওয়া। এর মধ্যে কেউ কেউ আমৃত্যু একই স্থানে তিতু হয়ে থাকেন, কেউবা নতুন গন্তব্যে চলে যান। তেমনি দেশীয় ব্যান্ডদলগুলোতেও নানা সময়ে বিভিন্ন পরিবর্তন লক্ষ্য করেছেন শ্রোতা-দর্শকরা। এবার বাংলা ব্যান্ড সংগীতের জনপ্রিয় কণ্ঠশিল্পী মাহফুজ আনাম জেমসের দল ‘নগর বাউল’-এ সম্প্রতি এসেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। দীর্ঘদিনের গিটারিস্ট সুলতান রায়হান খান রানা দল ছেড়েছেন। তার জায়গায় নতুন সদস্য হিসেবে যুক্ত হয়েছেন ইসমামুল ফরহাদ এলিন। 

দেড় দশকেরও বেশি সময় ধরে নগর বাউলের সঙ্গে ছিলেন রানা। দেশ-বিদেশের অসংখ্য কনসার্টে তিনি ব্যান্ডটির ফ্রন্টম্যান জেমসের সঙ্গে মঞ্চ কাঁপিয়েছেন। তবে, ব্যক্তিগত ব্যস্ততার কারণে সম্প্রতি দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। 

রানার দল ছাড়ার বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন। তিনি জানান, অনেক দিন ধরেই ‘নগর বাউল’-এ দেখা যাচ্ছিলো না রানাকে। সর্বশেষ পহেলা বৈশাখের দিনে পাবনায় কনসার্টেও নগর বাউলের সঙ্গে ছিলেন না তিনি। তাই সবার সঙ্গে কথা বলে ব্যান্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তার জায়গায় ‘নগর বাউল’-এ যুক্ত হয়েছেন এলিন। 

এদিকে, মার্চ মাস থেকেই আনুষ্ঠানিকভাবে ‘নগর বাউল’-এ যোগ দেন এলিন। পহেলা বৈশাখ উপলক্ষে পাবনায় অনুষ্ঠিত কনসার্টেও জেমসের সঙ্গে এলিনকেই গিটার বাজাতে দেখা গেছে। 

ইসমামুল ফরহাদ এলিন এর আগে ‘শূন্য’ ব্যান্ডের গিটারিস্ট হিসেবে পরিচিতি পান। এ ছাড়া, তিনি ‘চিরকুট’ ব্যান্ডেও অতিথি সদস্য হিসেবে বাজিয়েছেন। 

প্রসঙ্গত, ২০২০ সালে প্রথমবার ‘নগর বাউল’-এর সঙ্গে অতিথি শিল্পী হিসেবে কাজ করার অভিজ্ঞতা হয়েছিলো এলিনের। এবার স্থায়ী সদস্য হিসেবে কিংবদন্তি জেমসের সঙ্গে যুক্ত হতে পেরে উচ্ছ্বাসিত তরুণ এই গিটারিস্ট। 

নগর বাউল ব্যান্ডের বর্তমান লাইনআপ: মাহফুজ আনাম জেমস (ভোকাল ও গিটার), আহসান এলাহী ফান্টি (ড্রামস), তালুকদার সাব্বির শাওন (গিটার) এবং ইসমামুল ফরহাদ এলিন (গিটার)। 

—জা. অর্থনীতি/এনএ