দেখতে দেখতে আরও একটি বাংলা বছর শেষ হয়ে গেলো। দরজায় কড়া নাড়ছে বাংলা নববর্ষ। নববর্ষ মানেই বাঙলির জন্য বাড়তি কিছু। পহেলা বৈশাখ বাঙালির দীর্ঘদিনের সংস্কৃতি ও ঐতিহ্যের অন্যতম বড় উৎসব। এই আনন্দকে আরও রঙিন করতে প্রস্তুতি নিচ্ছে দেশের সংগীতাঙ্গনও। নতুন বছরকে বরণ করতে ঢাকার বিভন্নি প্রান্তে বসছে জাঁকজমকপূর্ণ কনসার্টের আসর। এবারের উৎসবের রঙে নতুন মাত্রা যোগ করতে বৈশাখী আয়োজনে সবচেয়ে বড় চমক নিয়ে আসছে জনপ্রিয় মিউজিক প্ল্যাটফর্ম ‘কোক স্টুডিও বাংলা’।
উৎসবের দিন অর্থাৎ আগামীকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেল ৩টা থেকে রাজধানীর ১০০ ফিট মাদানি এভিনিউয়ের ‘কোর্টসাইড’-এ বসতে যাচ্ছে গানের এক জাদুকরী আসর।
কোক স্টুডিও বাংলার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে জানা গেছে, ঢাক-ঢোলের তালে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে এই আয়োজনে অংশ নিতে।
কোক স্টুডিওর জনপ্রিয় শিল্পী ও মিউজিশিয়ানদের উপস্থিতিতে এবারের বৈশাখ হবে অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি ম্যাজিক্যাল-এমনটাই বার্তা তাদের।
জানা গেছে, এই কনসার্ট উপভোগ করতে হলে টিকিটের মাধ্যমে ভেন্যুতে এন্ট্রি নিতে হবে। বিষয়টি নিয়ে ভেন্যু কর্তৃপক্ষ জানিয়েছে, তিনটি ক্যাটাগরিতে বিক্রি হচ্ছে টিকিট। যার মূল্য নিধারণ করা হয়েছে ২০০ থেকে ৮৫০ টাকার মধ্যে। তবে ভেন্যুতে কনসার্ট উপভোগ করতে হলে দুই ক্যাটেগরির টিকিট নিতে হবে; যার দাম একটির দাম ৮০০ টাকা, অন্য একটির দাম ৮৫০ টাকা।
—জা. অর্থনীতি/এনএ