Print Date & Time : 08 November 2026 Sunday 09:44 am

নালিতাবাড়ীতে একদিনেই ৫ মরদেহ উদ্ধার

image

শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে পৃথক ঘটনায় একই দিনে ৩ শিশুর পানিতে ডুবে মৃত্যু এবং দুই নারী-কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনা ঘটেছে।

সোমবার (২৪ আগস্ট) উপজেলার কলসপাড়, নয়াবিল ও রামচন্দ্রকুড়া ইউনিয়নে এসব ঘটনা ঘটে।

কলসপাড় ইউনিয়নের মধ্যনাকশী গ্রামে পানিতে ডুবে মারা গেছে দুই শিশু। তারা হলো- ওই গ্রামের হযরত আলীর ছেলে রোহান (৭) ও ওবায়দুল আসলামের ছেলে ইসমাইল (৬)। রোহান স্থানীয় একটি বিদ্যালয়ের শিশু শ্রেণির এবং ইসমাইল দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, রোববার দুপুর ১২টার দিকে রোহান ও ইসমাইল বাড়ি থেকে বের হয়। এরপর তারা আর বাড়িতে ফেরেনি। স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাননি। পরে সোমবার ভোরে গ্রামের একটি পুকুরে ২ শিশুর মরদেহ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে স্বজনরা মরদেহ দুটি উদ্ধার করেন।

নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে মিলল দুই শিশুর মরদেহ

স্থানীয়দের ভাষ্য, দুই শিশু মাঝেমধ্যে পুকুরে মাছ ধরতে নামত। তবে তারা ভালোভাবে সাঁতার জানত না।

একই দিন দুপুর ৩টার দিকে নয়াবিল ইউনিয়নের সিধুলী গ্রামে পুকুরে ডুবে মারা যায় হোসাইন আহমেদ আলিফ (৩)। সে ওই গ্রামের রাজিব মিয়ার ছেলে। বাড়ির পাশের পুকুরে পড়ে যাওয়ার পর স্বজনরা তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসার চেষ্টা করেন। পরে তার মৃত্যু হয়।

এদিকে নয়াবিল ইউনিয়নের নয়াবিল এলাকায় নুরজাহান বেগম (৬৫) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার ভোর সাড়ে ৬টার দিকে বাড়ির পাশে একটি পেয়ারা গাছের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় তার মরদেহ দেখতে পান তার মেয়ে তাসলিমা আক্তার। নুরজাহান ওই গ্রামের আব্দুস সাত্তারের স্ত্রী।

অন্যদিকে রামচন্দ্রকুড়া ইউনিয়নের তন্তর গ্রামে শাকিলা (১৬) নামের এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সকাল সাড়ে ৮টার দিকে পরিবারের সদস্যরা ঘরের ধন্যার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে দেখতে পান। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান পৃথক ঘটনায় ৫ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

—জা. অর্থনীতি/এনজে