গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত
ছবি: জাতীয় অর্থনীতি

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) মার্কেটিং বিভাগের আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে ‘৯ম জাতীয় মার্কেটিং দিবস-২০২৬’ উদযাপিত হয়েছে। এবারের দিবসের মূল প্রতিপাদ্য ছিল— ‘মার্কেটিং ইন দ্যা এজ অব এআই’।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কেক কাটার মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, "কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর এই যুগে মার্কেটিং এখন আর কেবল গতানুগতিক পণ্য বিক্রির কৌশল নয়; এটি এখন ডেটা, প্রযুক্তি ও মানবিক মূল্যবোধের নিখুঁত এক সমন্বয়। আমাদের শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তার আধুনিক প্রযুক্তিকে যথাযথভাবে কাজে লাগিয়ে ভবিষ্যতের জন্য নৈতিক ও সৃজনশীল মার্কেটার হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।" তিনি আরও উল্লেখ করেন, মার্কেটিং বিভাগের এই ধরনের সময়োপযোগী আয়োজন শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান অর্জন ও নেতৃত্বের গুণাবলি বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এস এম আহসান এবং মার্কেটিং বিভাগের সভাপতি ড. মো. হাফিজুর রহমান। এ ছাড়া বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে আনন্দ র‍্যালি ও আলোচনা সভায় অংশ নেন।

—জা. অর্থনীতি/এলএটি