জাতীয় অর্থনীতি স্পোর্টস: অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। ইনজুরিতে পড়া জেসন বেহরেনডর্ফের বদলি হিসেবে তাকে দলে ভিড়িয়েছে মেলবোর্ন রেনেগেডস।
অভিজ্ঞ বাঁহাতি পেসার বেহরেনডর্ফ কাঁধের চোটে পুরো আসর থেকে ছিটকে যাওয়ায় সুযোগটি পান ‘কাটার মাস্টার’ মুস্তাফিজ। এর আগে বিশ্বজুড়ে বিভিন্ন লিগে খেললেও বিগ ব্যাশে খেলার অভিজ্ঞতা ছিল না ৩১ বছর বয়সী এই বোলারের। মেলবোর্নে তার সতীর্থ হিসেবে থাকছেন জনি বেয়ারস্টো ও মাইকেল ব্রেসওয়েলের মতো তারকারা।
আইএলটি-টোয়েন্টির ব্যস্ততার কারণে উদ্বোধনী ম্যাচে খেলতে না পারলেও আগামী ১ জানুয়ারি সিডনি সিক্সার্স এবং ৪ জানুয়ারি মেলবোর্ন স্টার্সের বিপক্ষে মাঠে দেখা যেতে পারে তাকে। এমসিজিকে হোম গ্রাউন্ড হিসেবে পেতে মুখিয়ে আছেন মুস্তাফিজ।
অন্যদিকে কোচ লুক রনকি মনে করছেন, পাওয়ার প্লে ও ডেথ ওভারে মুস্তাফিজের কাটার ও উইকেট শিকারের দক্ষতা দলের বোলিং আক্রমণকে আরও শক্তিশালী করবে।
জা. অর্থনীতি/এআর
