‘আমাদের আত্মবিশ্বাস আছে, আমরা লক্ষ্য অর্জনে লড়ব’: টমাস ডুলি

জাতীয় অর্থনীতি স্পোর্টস: দীর্ঘ ২৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা পুনরুদ্ধারে বদ্ধপরিকর বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বৃহস্পতিবার (৫ নভেম্বরন) থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টকে সামনে রেখে আত্মবিশ্বাসী কণ্ঠে কোচ টমাস ডুলি ও অধিনায়ক তপু বর্মণ নিজেদের লক্ষ্যের কথা জানিয়েছেন। রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের প্রস্তুতি ও প্রত্যাশার নানা দিক তুলে ধরেন তারা।

২০০৩ সালে ঢাকায় সবশেষ সাফের সোনালী ট্রফি জিতেছিল বাংলাদেশ। দীর্ঘ এই খরা কাটাতে এবার কোচ টমাস ডুলির চোখ সরাসরি ট্রফিতে। শুধু অংশগ্রহণ নয়, শিরোপা জেতার লক্ষ্যেই দল মাঠে নামবে জানিয়ে কোচ বলেন, ‘আমাদের আত্মবিশ্বাস আছে যে আমরা লড়াই করতে পারব এবং লক্ষ্য অর্জন করতে পারব। ২৩ বছর পর এটা সম্ভব, তবে এর জন্য শেষ মিনিট পর্যন্ত কঠোর পরিশ্রম করতে হবে।’ ঘরের মাঠের দর্শকদের সমর্থনকে বাড়তি শক্তি হিসেবে দেখছেন ডুলি।

এদিকে ফিফা উইন্ডো ৯ নভেম্বর থেকে শুরু হওয়ায় ভুটানের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে তারকা মিডফিল্ডার হামজা চৌধুরীকে পাচ্ছে না দল। হামজাকে মিস করার কথা জানিয়ে অধিনায়ক তপু বর্মণ বলেন, ‘তার মতো নেতৃত্ব আমাদের দলে খুবই প্রয়োজন। তবে ভুটান ম্যাচটি জিতে আমরা তাকে জয়ী দলের সঙ্গে স্বাগত জানাতে চাই।’ রক্ষণভাগের অভিজ্ঞ এই ফুটবলার আরও জানান, ঘরের মাঠে খেলার বাড়তি চাপ থাকলেও তা থেকে ভালো ফল বের করে আনতে প্রস্তুত দল।

জামাল ভূঁইয়ার অনুপস্থিতিতে তপুর কাঁধে অর্পিত হয়েছে নেতৃত্বের ভার। কোচ ডুলির মতে, সেন্ট্রাল ব্যাক হিসেবে তপুর অভিজ্ঞতা পেছন থেকে পুরো দলকে সুসংহত করতে দারুণ সাহায্য করবে। এশিয়ান কাপ বাছাইপর্বে চোটের কারণে তপুকে মিস করলেও এবার তাকে পুরোপুরি ফিট পাচ্ছে দল।

প্রস্তুতি ম্যাচে ঘাটতি থাকলেও বিগত ম্যাচগুলোর ভুল শুধরে পাসিং ও বল নিয়ন্ত্রণে উন্নতির চেষ্টা করেছে দল। আগামীকাল ভুটানের বিপক্ষে রাত ৮টায় মাঠে নেমে জয় দিয়েই ২৩ বছরের আক্ষেপ শেষ করার মিশন শুরু করতে চায় লাল-সবুজের প্রতিনিধিরা।

জা. অর্থনীতি/এআর