নির্মাণাধীন বাড়িতে ঢুকে শ্রমিকদের ওপর হামলা-লুটের অভিযোগ
ছবি: জাতীয় অর্থনীতি

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার শ্রীরামপুর লস্কর পাড়া গ্রামে একটি বাড়িতে ঢুকে নির্মাণশ্রমিকদের বেধড়ক মারধর, বসতবাড়ির নির্মাণকাজ বন্ধ করে দেওয়া এবং নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগী মো. লুৎফর লস্কর বাদি হয়ে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।  

থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৬ অক্টোবর বেলা ১১টার দিকে বিবাদী মো. মারুফ হোসেনের নেতৃত্বে ৭/৮ জন অজ্ঞাতনামা ব্যক্তি দেশীয় অস্ত্র যেমন লোহার রড, হাতুড়ি ও বাঁশের লাঠি নিয়ে আকস্মিক হামলা চালায়।  

​অভিযোগে উল্লেখ করা হয়েছে, বিবাদীর সাথে বাড়ির মালিক লুৎফর লস্করের পূর্ব থেকেই জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল এবং বিবাদী ছাত্রশিবির কর্মী হওয়ায় বিভিন্ন সময়ে হুমকি দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় সংঘটিত ওই হামলায় মিস্ত্রি ও শ্রমিকদের ওপর চড়াও হয়ে তাদের বেধড়ক মারধর করা হয়। এ সময় বসতঘরের বিছানার নিচে টাইলস ক্রয়ের জন্য সঞ্চিত রাখা নগদ ৬০,০০০ (ষাট হাজার) টাকা হামলাকারীরা নিয়ে নেয়।  

​ঘটনার সময় স্থানীয় সাক্ষী হিসেবে মো. রফি লস্কর ও মো. নাসির উদ্দীনসহ আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা ভবিষ্যতে খুন-জখমসহ বড় ধরনের ক্ষতির হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে পরিবারটি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে আলোচনা ও আইনি পরামর্শের পর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। 

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জুলফিকার আলী বলেন, আমি জেনে জানাচ্ছি। 

​এ ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগী পরিবারটি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

 —জা. অর্থনীতি/এনজে