অনলাইন ডেস্ক: দেশের টেক্সটাইল শিল্পের চাহিদা পূরণে আন্তর্জাতিক মানের দক্ষ প্রকৌশলী তৈরি এবং গবেষণার মাধ্যমে দেশীয় কাঁচামালের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রবিবার (২৫ অক্টোবর) বঙ্গভবনে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিনের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপতির প্রেস উইংয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
রাষ্ট্রপতি বলেন, টেক্সটাইল খাত দেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। এ খাতের শিক্ষার্থীরা যাতে দেশে ও বিদেশে উপযুক্ত কর্মসংস্থানের সুযোগ পান, তা নিশ্চিত করতে হবে। এতে দক্ষ জনশক্তির যথাযথ ব্যবহার এবং বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ বাড়বে।
তিনি বলেন, টেক্সটাইল শিল্পের কাঁচামালের চাহিদা মেটাতে দেশে তুলার উৎপাদন বাড়ানো প্রয়োজন। এ জন্য কৃষকদের উৎসাহিত করা, উৎপাদন ব্যয় কমানো এবং কৃষি ও টেক্সটাইল খাতের মধ্যে সমন্বয় জোরদার করতে হবে। পাশাপাশি পাট, আনারসের পাতা ও কলাগাছসহ বিভিন্ন প্রাকৃতিক উৎস থেকে তন্তু সংগ্রহ এবং সিনথেটিক সুতা তৈরির সম্ভাবনা নিয়ে গবেষণার ওপরও গুরুত্ব দেন তিনি।
সাক্ষাৎকালে প্রতিনিধিদল বুটেক্সের শিক্ষা ও গবেষণা কার্যক্রম এবং দেশের টেক্সটাইল ও তৈরি পোশাকশিল্পে বিশ্ববিদ্যালয়ের অবদান তুলে ধরে। তারা আধুনিক গবেষণাগার স্থাপন, অবকাঠামো উন্নয়ন, জনবল বৃদ্ধি, পৃথক বিসিএস (টেক্সটাইল) ক্যাডার সৃষ্টি, বাজেট সম্প্রসারণ এবং পূর্বাচলে দ্বিতীয় ক্যাম্পাসের জন্য জমি বরাদ্দের দাবি জানান।
রাষ্ট্রপতি বিষয়গুলো মনোযোগ দিয়ে শোনেন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়ে সহযোগিতার আশ্বাস দেন। এ ছাড়া আগামী বছরের মার্চে বুটেক্সের দ্বিতীয় সমাবর্তনে সভাপতিত্ব করার আমন্ত্রণ গ্রহণ করেন তিনি।
জা.অর্থনীতি/এসআই