সালমান ও টাইগারের ওপর হামলায় ব্যবহৃত পিস্তল একই

জাতীয় অর্থনীতি বিনোদন: বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। চাঞ্চল্যকর এই মামলায় তুরস্কের তৈরি ‘জিগানা’ পিস্তল ব্যবহারের তথ্য উঠে এসেছে, যা ইতিপূর্বে অভিনেতা সালমান খানের বাড়ি ও বাবা সিদ্দিকি হত্যাকাণ্ডেও ব্যবহৃত হয়েছিল।

গ্রেপ্তার হওয়া ১১তম অভিযুক্ত প্রাঞ্জল ঠাকরানকে (২২) মধ্যপ্রদেশের ইন্দোর থেকে আটক করা হয়। গত রোববার (২৫ অক্টোবর) মুম্বাইয়ের এসপ্ল্যানেড আদালত তাকে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন। হরিয়ানার সোনিপতের বাসিন্দা ও প্রকৌশলের ছাত্র প্রাঞ্জল মূলত শুটারদের কাছে দেশি পিস্তল ও জিগানা পিস্তল সরবরাহের দায়িত্বে ছিলেন বলে পুলিশ জানিয়েছে। তদন্তে দেখা যায়, তিনি গ্রেপ্তার এড়াতে ইন্দোরের একটি হাসপাতালে রাত কাটাতেন।

গত ১৮ অক্টোবর টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলির পর অভিযুক্তরা সুরাটে অস্ত্র ফেলে দিল্লি পালিয়ে যান। সুরাট রেলস্টেশন সংলগ্ন এলাকা থেকে পুলিশ একটি জিগানা পিস্তল, একটি দেশি পিস্তল ও ১০টি কার্তুজ উদ্ধার করে। ১৫টি গুলি ধারণক্ষমতার আধা-স্বয়ংক্রিয় এই পিস্তলটি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নানা অপরাধমূলক কর্মকাণ্ডে ধারাবাহিকভাবে ব্যবহৃত হয়ে আসছে। পুরো অস্ত্র সরবরাহ চক্র উন্মোচনে মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা জোর তদন্ত চালাচ্ছে।

জা. অর্থনীতি/এআর