স্পোর্টস ডেস্ক: বিশ্ব ফুটবলের তারকাদের মিলনমেলায় পরিণত হতে যাচ্ছে ব্যালন ডি’অরের এবারের আয়োজন। বর্ষসেরা ফুটবলারসহ বিভিন্ন বিভাগে বিজয়ীদের নাম ঘোষণার অপেক্ষায় রয়েছেন ভক্তরা। বাংলাদেশ থেকেও ঘরে বসে সরাসরি উপভোগ করা যাবে ফুটবলের মর্যাদাপূর্ণ এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
ঐতিহাসিক এই আসরের আয়োজন করা হয়েছে যুক্তরাজ্যের লন্ডনে। ব্যালন ডি’অরের ৭০ বছর পূর্তি উপলক্ষে এবারের অনুষ্ঠান বসছে বিখ্যাত লন্ডন প্যালাডিয়াম থিয়েটারে। পুরস্কারটির ইতিহাসে এবারই প্রথমবারের মতো লন্ডনে অনুষ্ঠিত হচ্ছে মূল আয়োজন।
১৯৫৬ সালে যাত্রা শুরু করা ব্যালন ডি’অর ফুটবল বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার হিসেবে পরিচিত। এবারের আয়োজনে পুরুষ ও নারী ফুটবলের সেরা খেলোয়াড়দের পাশাপাশি কোচ ও ক্লাবের হাতেও তুলে দেওয়া হবে বিভিন্ন বিভাগের পুরস্কার।
বাংলাদেশি দর্শকদের জন্য অনুষ্ঠানটি সরাসরি দেখার দুটি উপায় রয়েছে। ডিএজেডএন অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে দেখা যাবে এই আয়োজন। এ ছাড়া ব্যালন ডি’অরের অফিশিয়াল ওয়েবসাইট থেকেও সরাসরি সম্প্রচার উপভোগ করতে পারবেন ফুটবলপ্রেমীরা।
বাংলাদেশ সময় আজ রাত ১২টা থেকে শুরু হবে অনুষ্ঠানটির সরাসরি সম্প্রচার। এ সময় লন্ডন প্যালাডিয়ামের রেড কার্পেটে উপস্থিত হবেন বিশ্ব ফুটবলের তারকা খেলোয়াড় ও বিশিষ্ট ব্যক্তিরা। এরপর রাত ২টায় শুরু হবে মূল পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
পছন্দের ফুটবল তারকাদের উপস্থিতি এবং বিজয়ীদের নাম ঘোষণার মুহূর্ত দেখতে তাই নির্ধারিত সময়েই সম্প্রচারে চোখ রাখতে হবে দর্শকদের।
জা.অর্থনীতি/এসআই