আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের টালাহাসিতে ফুটবল ম্যাচ শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর গুলিবর্ষণের ঘটনায় ছয় শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) রাতে ফ্লোরিডা এঅ্যান্ডএম বিশ্ববিদ্যালয়ের ফুটবল স্টেডিয়ামের কাছে এ ঘটনা ঘটে।
বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) ও সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের হোমকামিং উৎসব উপলক্ষে আয়োজিত ফুটবল ম্যাচের পর জনাকীর্ণ এলাকায় এ ঘটনা ঘটে। তবে ম্যাচের সঙ্গে গুলিবর্ষণের সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
টালাহাসি পুলিশের প্রধান লরেন্স রেভেল জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, কয়েকজনের মধ্যে বিরোধ ও সংঘর্ষের জেরে গুলিবর্ষণের ঘটনা ঘটে।
পুলিশের তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে ১১ জনের শরীরে গুলির ক্ষত রয়েছে। আহত ছয় শিশু-কিশোরের একজনের বয়স ১১ বছর। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক এবং আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। অন্য আটজনের অবস্থা স্থিতিশীল। গুলিবর্ষণের সময় পালাতে গিয়ে এক আহত ব্যক্তির দাদিও আঘাত পান। আহতদের একজন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী।
শনিবার ব্র্যাগ মেমোরিয়াল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক ফ্লোরিডা এঅ্যান্ডএম র্যাটলার্স ৩১-২৮ পয়েন্টে আরকানসাস–পাইন ব্লাফ গোল্ডেন লায়ন্সের কাছে হারে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, সন্ধ্যায় ক্যাম্পাসের কাছে পেরি স্ট্রিট এলাকায় গুলিবর্ষণের ঘটনা ঘটে। পুলিশ তদন্ত চালাচ্ছে এবং ক্যাম্পাস নিরাপদ রয়েছে। তদন্তের স্বার্থে সাধারণ মানুষকে ঘটনাস্থল এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
পুলিশের সহিংস অপরাধবিষয়ক ইউনিট ঘটনার তদন্ত করছে। গোয়েন্দা কর্মকর্তা, তদন্তকারী দল ও ফরেনসিক বিশেষজ্ঞরা জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে কাজ করছেন।
জা.অর্থনীতি/এসআই