মক্কায় বন্যার স্রোতে ভেসে গেল ৩ শিশু

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় আকস্মিক বন্যায় তিন শিশু স্রোতের পানিতে ভেসে যাওয়ার ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে একজনকে। অপর শিশুটির সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) এ ঘটনা ঘটে। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠায় সৌদি আরবের সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ।

সৌদি সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, প্রবল স্রোতে তিন শিশু ভেসে যাওয়ার খবর পেয়ে জরুরি ভিত্তিতে উদ্ধারকাজ শুরু করা হয়। উদ্ধারকারীরা প্রথমে একজন শিশুকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন। পরে আরেক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। তবে তৃতীয় শিশুটির অবস্থান এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তাকে উদ্ধারে তল্লাশি চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে সৌদি সিভিল ডিফেন্স এ ঘটনার তথ্য নিশ্চিত করেছে। একই সঙ্গে বৃষ্টির সময় জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

কর্তৃপক্ষ বিশেষ করে আকস্মিক বন্যাপ্রবণ এলাকাগুলোতে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে। নাগরিক, দেশটিতে বসবাসকারী বিদেশি এবং পর্যটকদের উপত্যকা, প্রবল স্রোতে পানি প্রবাহিত হওয়ার পথ ও নিচু এলাকা এড়িয়ে চলতে বলা হয়েছে।

কর্তৃপক্ষের সতর্কবার্তায় বলা হয়েছে, বৃষ্টির পানি এসব স্থানে দ্রুত জমে বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে। তাই বৃষ্টির সময় ঝুঁকিপূর্ণ এলাকা থেকে দূরে থাকা এবং নিরাপত্তা নির্দেশনা মেনে চলা জরুরি।

জা.অর্থনীতি/এসআই