জাতীয় অর্থনীতি বিনোদন: তিন দশকেরও বেশি সময় ধরে গিটারের জাদুকরী সুরে সংগীতপ্রেমীদের মুগ্ধ রাখা গুণী যন্ত্রসংগীতশিল্পী রাসেল খান আর নেই। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে রাজধানীর বনানীতে বড় বোনের বাসায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন এই গুণী শিল্পী। সকালে বাথরুমে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে গেলে চিকিৎসক এসে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন এবং জানান স্ট্রোকে মৃত্যু হয়েছে রাসেল খানের।
দীর্ঘ সংগীতজীবনে দেশের প্রায় সব শীর্ষস্থানীয় শিল্পীদের সঙ্গে গিটার বাজিয়েছেন রাসেল খান। শুধু সুরের ঝংকারই নয়, মাঝেমধ্যে নিজের জাদুকরী গলায় গান গেয়েও মাতিয়ে রাখতেন মঞ্চ। গত ১৩ অক্টোবর মানিকগঞ্জের একটি শো-ই ছিল তার জীবনের শেষ পারফর্ম্যান্স।
সংগীতাঙ্গনের এই চেনা ও প্রিয় মানুষের অকালপ্রস্থানে দেশের সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
জা. অর্থনীতি/এআর