স্পোর্টস ডেস্ক: ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওঠার সমীকরণ মেলাতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে তাওহীদ হৃদয়ের দল। ব্যাটিংয়ে ব্যর্থতার পর বোলিংয়েও প্রত্যাশা পূরণ করতে পারেননি বাংলাদেশের ক্রিকেটাররা।
ফাইনালে যাওয়ার আশা টিকিয়ে রাখতে আফগানিস্তানকে ১১৯ রানের মধ্যে আটকে রাখার লক্ষ্য ছিল বাংলাদেশের সামনে। তবে সেই সমীকরণ মেলাতে পারেনি বোলাররা। ১৬১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ২৭.১ ওভারেই ১২১ রান তুলে জয় নিশ্চিত করে আফগানিস্তান। হাতে থাকে ৭ উইকেট, বাকি ছিল ৮৭ বল।
এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ গুটিয়ে যায় মাত্র ১৬০ রানে। দলের হয়ে সর্বোচ্চ ৭০ রান করেন ওপেনার পারভেজ হোসেন ইমন। অন্য ব্যাটাররা বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। আফগানিস্তানের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন রশিদ খান। তিনি একাই শিকার করেন চার উইকেট।
রান তাড়ায় শুরুতে বাংলাদেশকে কিছুটা আশা দেখান পেসার তাসকিন আহমেদ। তিনি রহমানউল্লাহ গুরবাজ ও সেদিকউল্লাহ আতালকে ফিরিয়ে দেন। পরে ইব্রাহিম জাদরানকে আউট করেন মুস্তাফিজুর রহমান। তবে এরপর আর ম্যাচে ফিরতে পারেনি বাংলাদেশ।
অভিজ্ঞ রহমত শাহ দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে জয়ের পথে এগিয়ে নেন। ৬৬ বলে অর্ধশতক পূর্ণ করে তিনি আফগানিস্তানের জয় সহজ করে দেন।
আগামী ২৩ অক্টোবর শিরোপার লড়াইয়ে আফগানিস্তানের মুখোমুখি হবে জিম্বাবুয়ে।
জা.অর্থনীতি/এসআই