বিমানের কার্পেটের নিচে সাপ, আতঙ্কে বাতিল ফ্লাইট

জাতীয় অর্থনীতি আন্তর্জাতিক: জাপানের ফুকুওকা বিমানবন্দরে একটি বিমানের কার্পেটের নিচ থেকে জীবন্ত সাপ উদ্ধারের ঘটনায় বাতিল করা হয়েছে একটি ফ্লাইট। 

সোমবার (১৯ অক্টোবর) বিমানটি উড্ডয়নের প্রস্তুতি নেওয়ার সময় সাপটি দেখতে পান সংশ্লিষ্টরা। পরে সেটিকে বিষহীন জাপানি ডোরাকাটা সাপ হিসেবে শনাক্ত করেন বিশেষজ্ঞরা। খবর দ্যা জাপান ডেইলির। 

জাপান এয়ারলাইনসের সহযোগী প্রতিষ্ঠান জাপান এয়ার কমিউটার কোম্পানি (জেএসি) মঙ্গলবার জানায়, প্রায় ৪০ সেন্টিমিটার লম্বা সাপটি বিমানটির কার্পেটের নিচে ছিল। সোমবার দুপুর ১টার দিকে ফুকুওকা বিমানবন্দরে বিমানটির এক মেকানিক সাপটি দেখতে পান।   

বিশেষজ্ঞরা সাপটিকে জাপানি ডোরাকাটা সাপের বাচ্চা হিসেবে শনাক্ত করেন। পরে সেটিকে উদ্ধার করা হয়। তবে কীভাবে সাপটি বিমানের ভেতরে প্রবেশ করেছে, তা এখনো জানা যায়নি বলে জানিয়েছে জেএসি। প্রতিষ্ঠানটি আরও জানায়, এ ধরনের ঘটনা তাদের ক্ষেত্রে আগে কখনো ঘটেনি।

বিমানটি সোমবার শিমানে প্রিফেকচারের ইজুমো বিমানবন্দর থেকে ফুকুওকায় আসে। একই দিন দুপুর ১২টা ৫০ মিনিটে বিমানটির কাগোশিমা প্রিফেকচারের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে উড্ডয়নের প্রস্তুতিকালে সাপটি দেখতে পাওয়ায় ফ্লাইটটি বাতিল করা হয়।

—জা.অর্থনীতি/জেআরটি