কলম্বিয়ায় অবৈধ স্বর্ণখনি ধসে নিহত ১৪, নিখোঁজ ১৫

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় অবৈধ স্বর্ণখনিতে ভয়াবহ ভূমিধসে প্রাণ হারিয়েছেন ১৪ জন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। দুর্ঘটনার পর অন্তত ১৫ জন খনি শ্রমিক নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে উদ্ধার তৎপরতা চালানো হলেও দুর্গম যোগাযোগব্যবস্থার কারণে নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।

সোমবার (১৯ অক্টোবর) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নারিনো বিভাগের সান্তা বারবারা দে ইসকুয়ান্দে পৌরসভার গ্রামীণ চাম্বেরো এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

নারিনোর গভর্নর লুইস আলফোনসো এসকোবার জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত খনিতে উদ্ধার ও অনুসন্ধান অভিযান শেষ হয়েছে। তবে বিভাগের দুর্যোগ মোকাবিলা কর্মকর্তা হোর্হে তোভার কাস্তিলো জানিয়েছেন, এখনো অন্তত ১৫ জন শ্রমিকের নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে।

তিনি বলেন, দুর্ঘটনা মোকাবিলায় পৌর কর্তৃপক্ষ কাজ করছে। কিন্তু এলাকাটিতে যোগাযোগের সীমাবদ্ধতা উদ্ধার কার্যক্রম পরিচালনাকে কঠিন করে তুলেছে। ঘন বনাঞ্চলে ঘেরা সান্তা বারবারা দে ইসকুয়ান্দে এলাকায় সড়কপথে পৌঁছানো কঠিন। সেখানে নৌকা কিংবা ছোট উড়োজাহাজ ব্যবহার করে যাতায়াত করতে হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় গভর্নর এসকোবার খনিটিকে অবৈধ বলে উল্লেখ করেন। তিনি বলেন, মানুষের জীবন রক্ষা, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়াই এখন তাঁদের প্রধান অগ্রাধিকার।

কলম্বিয়ার গ্রামীণ অঞ্চলে অনানুষ্ঠানিক ও নিয়ন্ত্রণহীন খনন কার্যক্রমের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। এসব খনিতে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থার অভাব প্রাণহানির ঝুঁকি বাড়ায়। গত আগস্টে নারিনো বিভাগের পলিকারপা পৌরসভায় একই ধরনের খনিদুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছিলেন।

জা.অর্থনীতি/এসআই