আন্তর্জাতিক ডেস্ক: ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত কোনারাক নৌঘাঁটিতে মার্কিন সামরিক বাহিনীর হামলার খবর নিয়ে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তবে ইরানি সংবাদমাধ্যমে হামলার খবর প্রকাশিত হওয়ার পর তা অস্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা।
ইরানের বার্তা সংস্থা ফার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার কোনারাক নৌঘাঁটির ভেতরে থাকা ৩৫ মিলিমিটারের একটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থার কামান লক্ষ্য করে দুটি ছোট আকারের গোলা ছোড়ে মার্কিন বাহিনী। এ ঘটনায় দুই ইরানি সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি। তবে অন্য একটি প্রতিবেদনে দুই সেনার নিহত হওয়ার দাবি করা হয়েছে। হতাহতের বিষয়ে পরস্পরবিরোধী তথ্য পাওয়া গেছে।
অন্যদিকে, ইরানের সংবাদমাধ্যম গোইয়া নিউজের দাবি, দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ অবস্থানগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে মার্কিন নৌবাহিনীর যুদ্ধবিমান।
প্রতিবেদনটিতে বলা হয়, উত্তর আরব সাগরে যুক্তরাষ্ট্রের আর্লে বার্ক শ্রেণির একটি ডেস্ট্রয়ারে হামলার চেষ্টার জবাবে এ অভিযান পরিচালনা করা হয়। এতে ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ বিমানবাহী রণতরি থেকে উড্ডয়ন করা এফ/এ-১৮ সুপার হর্নেট যুদ্ধবিমান অংশ নেয় বলে দাবি করেছে সংবাদমাধ্যমটি। একই সঙ্গে ওই এলাকায় আরও বিমান হামলার আশঙ্কার কথাও জানানো হয়েছে।
ইরানের সিস্তান ও বেলুচিস্তান প্রদেশে ওমান উপসাগরের তীরে অবস্থিত কোনারাক নৌঘাঁটি দেশটির গুরুত্বপূর্ণ উপকূলীয় সামরিক স্থাপনাগুলোর একটি।
জা.অর্থনীতি/এসআই