সৌদির চার অঞ্চলে রেড অ্যালার্ট, আকস্মিক বন্যার শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের চারটি অঞ্চলে ভারী বৃষ্টিপাত, বজ্রপাত ও আকস্মিক বন্যার আশঙ্কায় রেড অ্যালার্ট জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)। প্রতিকূল আবহাওয়ার পাশাপাশি শিলাবৃষ্টি, ঝোড়ো হাওয়া এবং ধূলিঝড়েরও পূর্বাভাস দেওয়া হয়েছে।

রবিবার (১৮ অক্টোবর) সৌদি আরবের আবহাওয়া কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।

এনসিএমের পূর্বাভাস অনুযায়ী, জিজান, আসির, আল-বাহা ও মক্কা অঞ্চলের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে বজ্রপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। শক্তিশালী দমকা হাওয়ার কারণে ধূলিঝড় ও বালুঝড় সৃষ্টি হতে পারে। ভারী বর্ষণের ফলে এসব অঞ্চলের নিচু এলাকায় আকস্মিক বন্যার ঝুঁকিও বেড়েছে।

এদিকে, জিজান, আসির, আল-বাহা ও মক্কার কিছু অংশ এবং পূর্বাঞ্চলীয় প্রদেশের উপকূলীয় এলাকায় কুয়াশা পড়তে পারে। এতে সড়কসহ বিভিন্ন স্থানে দৃশ্যমানতা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

অন্যদিকে, দেশটির বিভিন্ন শহরে তাপমাত্রা তুলনামূলক বেশি থাকতে পারে। পূর্বাভাসে দাম্মামে সর্বোচ্চ ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কথা বলা হয়েছে। মক্কায় ৩৯ ডিগ্রি এবং রিয়াদ ও বুরাইদাহতে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে।

মদিনায় তাপমাত্রা ৩৭ ডিগ্রি এবং জেদ্দা ও জিজানে ৩৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। তবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পাহাড়ি এলাকায় আবহাওয়া তুলনামূলক শীতল থাকতে পারে। আবহা ও জিজানে বাতাসের আর্দ্রতা সর্বোচ্চ ৯০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

জা.অর্থনীতি/এসআই