আন্তর্জাতিক ডেস্ক: মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসার পর সাধারণত নবজাতকদের হাত-পা গুটিয়ে শুয়ে থাকতে দেখা যায়। তবে সেই চেনা দৃশ্যের ব্যতিক্রম ঘটিয়েছে মিশরের এক সদ্যোজাত। জন্মের পরপরই তার আরাম করে শুয়ে থাকার অদ্ভুত ভঙ্গি নজর কেড়েছে নেটিজেনদের। শিশুটির সেই দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, হাসপাতালের নীল রঙের বিছানায় শুয়ে রয়েছে শিশুটি। দুই হাত মাথার নিচে রাখা, আর এক পায়ের ওপর অন্য পা তুলে রেখেছে সে। দেখে মনে হচ্ছে, বেশ আয়েশ করেই সময় কাটাচ্ছে নবজাতকটি। এ সময় এক চিকিৎসক তার বুকে স্টেথোস্কোপ রেখে হৃদ্স্পন্দন পরীক্ষা করেন। শিশুটির এমন ভঙ্গি দেখে চিকিৎসকের মুখেও মৃদু হাসি দেখা যায়।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি মিশরের রাজধানী কায়রোর একটি হাসপাতালের। প্রসবের কিছুক্ষণ পরই ভিডিওটি ধারণ করা হয়েছে বলে জানা গেছে। ‘ইন্ডিয়া.আনকভার’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রকাশ করা হয়। তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি।
প্রকাশের পর ভিডিওটি হাজার হাজারবার দেখা হয়েছে। শিশুটির এমন ভঙ্গি দেখে মজা পেয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা। অনেকে ভালোবাসা ও আদরের মন্তব্য করেছেন। কেউ কেউ মজা করে শিশুটিকে ‘সম্রাট’ বলেও অভিহিত করেছেন।
একজন মন্তব্য করেছেন, পৃথিবীতে আসার পরিশ্রম শেষে শিশুটি যেন একটু বিশ্রাম নিচ্ছে। আরেকজনের মতে, বর্তমান সময়ের শিশুরা যেন জন্মের আগেই সবকিছু শিখে আসে।
জা.অর্থনীতি/এসআই