মাঝআকাশে বোমার হুমকি, যুদ্ধবিমানের পাহারায় জরুরি অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েল থেকে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যাওয়ার পথে বোমা হামলার হুমকি পাওয়ায় বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় জরুরি অবতরণ করেছে অস্ট্রিয়ান এয়ারলাইনসের একটি যাত্রীবাহী উড়োজাহাজ। রবিবার এ ঘটনার কথা জানিয়েছে বুলগেরিয়ার পরিবহন মন্ত্রণালয়।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, অস্ট্রিয়ান এয়ারলাইনসের ওএস৮২ ফ্লাইটটি রোমানিয়ার সীমান্তের কাছাকাছি অবস্থানে থাকাকালে বোমা হামলার হুমকি পায়। পরিস্থিতি বিবেচনায় উড়োজাহাজটির ক্রুরা সোফিয়ায় অবতরণের সিদ্ধান্ত নেন। নিরাপদে বিমানবন্দরে পৌঁছাতে উড়োজাহাজটিকে পাহারা দেয় বুলগেরিয়ার বিমানবাহিনীর একটি মিগ-২৯ যুদ্ধবিমান।

এয়ারবাস এ৩২০ মডেলের উড়োজাহাজটিতে ছয়জন ক্রু ও ৫১ জন যাত্রী ছিলেন। অবতরণের পর সবাই নিরাপদে বিমান থেকে নেমে আসেন। পরে উড়োজাহাজটিতে নিরাপত্তা তল্লাশি চালায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তল্লাশি শেষে যাত্রীদের বিকল্প ফ্লাইটে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে এয়ারলাইনসটি।

এ ঘটনায় জরুরি পরিস্থিতি মোকাবিলায় একটি বিশেষ দল গঠন করা হয়েছে। পাশাপাশি হুমকির উৎস ও ঘটনার বিস্তারিত জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ফ্লাইটের তথ্য অনুযায়ী, রবিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৬ মিনিটে ইসরায়েলের তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে উড়োজাহাজটি। প্রায় তিন ঘণ্টা পর রাত ৯টা ৪৩ মিনিটে বুলগেরিয়ার সোফিয়ার ভাসিল লেভস্কি বিমানবন্দরে অবতরণ করে। তবে বোমা হামলার হুমকির বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

জা.অর্থনীতি/এসআই