জাতীয় অর্থনীতি ডেস্ক:
সকালের এক কাপ গরম চা বা কফি, দিন শুরুর পরিচিত অভ্যাস। কিন্তু জানেন কি, অতিরিক্ত গরম পানীয় নিয়মিত পান করলে বাড়তে পারে খাদ্যনালির ক্যানসারের ঝুঁকি? যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের প্রায় ১০ লাখ মানুষের ওপর দীর্ঘমেয়াদি পর্যবেক্ষণে উঠে এসেছে এমন তথ্য। তবে বিপদ কি চা-কফিতে, নাকি পানীয়ের অতিরিক্ত তাপমাত্রায়?
গবেষকেরা ৯ লাখ ৭৭ হাজার ২৮২ জন মধ্যবয়সী মানুষের ওপর ১০ থেকে ১৪ বছর ধরে পর্যবেক্ষণ চালান। গবেষণার ফল অনুযায়ী, যারা নিয়মিত খুব গরম পানীয় পান করেন, তাদের খাদ্যনালির ক্যানসারের একটি ধরন, স্কোয়ামাস সেল কার্সিনোমায় আক্রান্ত হওয়ার ঝুঁকি সাধারণ বা হালকা গরম পানীয় পানকারীদের তুলনায় প্রায় তিন গুণ বেশি হতে পারে।
এ ক্ষেত্রে মূল সমস্যা চা বা কফির উপাদান নয়, বরং পানীয়ের তাপমাত্রা। আন্তর্জাতিক কর্কট গবেষণা সংস্থার মতে, ৬৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি তাপমাত্রার পানীয় ক্যানসারের ঝুঁকির সঙ্গে সম্পর্কিত। অতিরিক্ত গরম তরল খাদ্যনালির ভেতরের কোষে বারবার তাপজনিত ক্ষতি ও প্রদাহ তৈরি করতে পারে, যা দীর্ঘমেয়াদে ক্যানসারের ঝুঁকিতে ভূমিকা রাখতে পারে।
গবেষণায় আরও দেখা গেছে, দিনে ছয় কাপ বা তার বেশি গরম পানীয় পানকারীদের ক্ষেত্রে ঝুঁকি প্রায় ৭১ শতাংশ বেড়ে যায়। আবার চায়ে দুধ মেশালেই তা নিরাপদ তাপমাত্রায় চলে আসে, এমন ধারণাও ঠিক নয়। দুধ মেশানোর পরও পানীয় অতিরিক্ত গরম থাকতে পারে।
তবে এসব তথ্য শুনে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। বিশেষজ্ঞদের পরামর্শ, চা বা কফি কাপে ঢালার পর অন্তত তিন থেকে পাঁচ মিনিট অপেক্ষা করুন। পানীয়ের তাপমাত্রা সহনীয় পর্যায়ে নামলে তবেই পান করুন। জিহ্বায় অস্বস্তি তৈরি করে এমন গরম পানীয় এড়িয়ে চলাই নিরাপদ অভ্যাস।
—জা. অর্থনীতি/এলএটি