ম্যারাথনে অংশ নিয়ে দৌড়াতে দৌড়াতেই প্রাণ গেল তরুণীর

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ কোরিয়ায় হাফ-ম্যারাথন দৌড় শেষ করার আগমুহূর্তে অসুস্থ হয়ে প্রাণ হারিয়েছেন ২৫ বছর বয়সী দৌড়বিদ ও সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ ইউ জি-ওন। গত ১১ অক্টোবর সোল রেস’-এ অংশ নিয়ে ফিনিশ লাইনের কয়েকশ মিটার আগে জ্ঞান হারিয়ে পড়ে যান তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

ইউ জি-ওন দৌড়ের পাশাপাশি সেমিকন্ডাক্টর প্রযুক্তি নিয়ে গবেষণার কাজেও যুক্ত ছিলেন। প্রতিযোগিতামূলক দৌড়ের সঙ্গে সম্পৃক্ততার কারণে পরিচিতি পেয়েছিলেন তিনি। তার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে স্বজন ও পরিচিতদের মধ্যে।

সংবাদমাধ্যম ‘রেজোনেট ভয়েসেস’-এর প্রতিবেদনে বলা হয়েছে, ২১ কিলোমিটারের হাফ-ম্যারাথনে ২০ দশমিক ৬ কিলোমিটার দৌড়ানোর পর অসুস্থ হয়ে পড়ে যান ইউ। ফিনিশ লাইন থেকে তখন তাঁর দূরত্ব ছিল প্রায় ৪০০ মিটার। ঘটনাস্থলে দ্রুত পৌঁছান জরুরি সেবাকর্মীরা। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁকে অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে নেওয়া হয়। তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

সোল রেসের আয়োজক কমিটি সোমবার এক বিবৃতিতে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। বিবৃতি অনুযায়ী, ১১ অক্টোবর সকাল ৮টা ৪৯ মিনিটে হাফ-ম্যারাথনে অংশ নেওয়া এক প্রতিযোগী অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে পাঠানো হলেও তার মৃত্যু হয়।

আয়োজক কমিটি ইউয়ের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। পাশাপাশি কী পরিস্থিতিতে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখার প্রতিশ্রুতি দিয়েছে। তবে এখন পর্যন্ত তাঁর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করেননি চিকিৎসকেরা।

জা.অর্থনীতি/এসআই