স্ত্রীর ‘সম্বোধনের’ গল্প শোনালেন ট্রাম্প

অনলাইন ডেস্ক: স্ত্রী মেলানিয়া কি ডোনাল্ড ট্রাম্পকে নাম ধরে ডাকেন না? কেন স্বামীকে ‘স্যার’ বলে সম্বোধন করেন মেলানিয়া? টেক্সাসের নির্বাচনি সমাবেশে স্ত্রীকে নিয়ে কী মজার ঘটনা শোনালেন মার্কিন প্রেসিডেন্ট? ‘ভেগান’শব্দের উচ্চারণ নিয়ে কথা বলতে গিয়েই বা কিভাবে উঠে এল মেলানিয়ার প্রসঙ্গ? 

স্ত্রী মেলানিয়া, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নাম ধরে ডাকেন না। এমনকি আদর করেও কোনো নামে সম্বোধন করেন না। বরং, ডাকেন ‘স্যার’বলে! টেক্সাসে এক নির্বাচনী সমাবেশে নিজের স্ত্রীকে নিয়ে এমন কথাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! 

সম্প্রতি রিপাবলিকান সিনেট প্রার্থী কেন প্যাক্সটনের পক্ষে প্রচারে গিয়ে এ ঘটনা তুলে ধরেন ট্রাম্প। সমাবেশে বক্তব্যের একপর্যায়ে তিনি প্যাক্সটনের প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী জেমস তালারিকোকে নিয়ে কথা বলেন। আবারও দাবি করেন, তালারিকো ভেগান, অর্থাৎ মাংস ও প্রাণিজ খাবার খান না। যদিও তালারিকো বারবার এ দাবি অস্বীকার করেছেন।

‘ভেগান’শব্দটির উচ্চারণ নিয়ে কথা বলতে গিয়ে ট্রাম্প টেনে আনেন স্ত্রী মেলানিয়ার প্রসঙ্গ। এ সময় তিনি বলেন, একবার শব্দটির উচ্চারণ সংশোধন করে মেলানিয়া তাকে বলেছিলেন, ‘স্যার, আপনাকে আমার একটা উপকার করতে হবে, এটা ওইভাবে নয়, এভাবে উচ্চারণ করতে হবে। 

এরপর তালারিকোকে নিয়ে কৌতুকের সুরে কথা বলেন ট্রাম্প। তার দাবি, তালারিকো শুধু একটু লেটুস খেতে চান। রাজনৈতিক কারণে তাকে মাংস খেতে হচ্ছে এবং এ কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন বলেও মন্তব্য করেন ট্রাম্প। তার দাবি, নির্বাচনী প্রচারের অংশ হিসেবে তালারিকোকে বারবিকিউ অনুষ্ঠানে গিয়ে মাংস খেতে হয়েছে। তবে, তালারিকো কখনো নিজেকে ভেগান বা নিরামিষভোজী হিসেবে দাবি করেননি। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় মাংসের ব্যবহার কমানোর প্রয়োজনীয়তা নিয়ে তার কিছু মন্তব্য থেকেই রিপাবলিকানদের এ ধরণের প্রচারণার সূত্রপাত। পাল্টা বক্তব্যে তালারিকো বলেছেন, তিনি বহুদিন ধরেই বারবিকিউ খেয়ে আসছেন। 

এদিকে, টেক্সাসের সিনেট নির্বাচনে সাম্প্রতিক জরিপগুলোতে তালারিকো প্যাক্সটনের চেয়ে এগিয়ে রয়েছেন। একটি সাম্প্রতিক সিয়েনা কলেজ জরিপে তালারিকোর সমর্থন ছিল ৫১ শতাংশ, প্যাক্সটনের ৪৫ শতাংশ। অন্যদিকে, ফক্স নিউজের আরেক জরিপে তালারিকো ৫১-৪৯ ব্যবধানে এগিয়ে ছিলেন।

টেক্সাসে ডেমোক্রেটদের জন্য নির্বাচনটি গুরুত্বপূর্ণ। সর্বশেষ ১৯৮৮ সালে লয়েড বেন্টসেনের মাধ্যমে রাজ্যটিতে সিনেট নির্বাচনে জয় পেয়েছিল দলটি। তালারিকো জয়ী হলে দীর্ঘ সময় পর টেক্সাসে ডেমোক্রেটদের বড় রাজনৈতিক প্রত্যাবর্তনের সম্ভাবনা তৈরি হতে পারে।

জা. অর্থনীতি/এনএ/এআর