সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে কড়াকড়ি, প্রবেশ দুপুর ১২টার পর

অনলাইন ডেস্ক: সরকারের গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র বাংলাদেশ সচিবালয়ে নিরাপত্তা জোরদার করতে দর্শনার্থীদের প্রবেশ ও পাস বিতরণে নতুন বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, দুপুর ১২টার আগে কোনো দর্শনার্থী সচিবালয়ে প্রবেশ করতে পারবেন না। পাশাপাশি বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের জন্য পাস ইস্যুর সর্বোচ্চ সংখ্যা নির্ধারণ করে দেওয়া হয়েছে।

গত ৪ অক্টোবর সচিবালয়ের নিরাপত্তা নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের অনুষ্ঠিত এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

সভার কার্যপত্র অনুযায়ী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, উপদেষ্টা ও বিশেষ সহকারীরা প্রতিদিন সর্বোচ্চ ১০টি দর্শনার্থী পাস দিতে পারবেন। মন্ত্রিপরিষদ সচিব, মুখ্যসচিব এবং অন্যান্য জ্যেষ্ঠ সচিব ও সচিবের ক্ষেত্রে এ সংখ্যা সর্বোচ্চ পাঁচটি। অতিরিক্ত সচিবরা তিনটি এবং যুগ্মসচিবরা সর্বোচ্চ দুটি পাস ইস্যু করতে পারবেন।

সচিবালয়ে প্রবেশ ও চলাচল আরও সুশৃঙ্খল করতে দর্শনার্থীদের পাশাপাশি যানবাহন ও পার্কিং ব্যবস্থাপনাও নিয়ন্ত্রণের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে প্রতিটি ভবনে পৃথক প্রবেশাধিকার যাচাইব্যবস্থা চালুর সিদ্ধান্ত হয়েছে।

এ ছাড়া বিদেশি দর্শনার্থীদের জন্য আলাদা নিবন্ধনপ্রক্রিয়া চালু করা হবে। এ ব্যবস্থায় তাদের পরিচয়, সচিবালয়ে আসার উদ্দেশ্য, সংশ্লিষ্ট কর্মকর্তা বা দপ্তরের তথ্য এবং প্রবেশ ও বের হওয়ার সময় সংরক্ষণ করা হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, সচিবালয়ের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রবেশাধিকার নিয়ন্ত্রণ আরও কার্যকর করতেই এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে।

জা.অর্থনীতি/এসআই