নারীস্বাস্থ্য উন্নয়নে ২৫ কোটি ইউরোর ঋণ পুনর্বিন্যাস

অনলাইন ডেস্ক: জার্মানির বার্লিনে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের নারীস্বাস্থ্য খাতে আন্তর্জাতিক অংশীদারত্ব ও নতুন অর্থায়ন বাড়ানোর আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, ক্রমবর্ধমান জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার চাহিদা পূরণে প্রচলিত উন্নয়ন সহায়তার পাশাপাশি উদ্ভাবনী অর্থায়ন, সহজ শর্তে বিনিয়োগ এবং টেকসই অভ্যন্তরীণ সম্পদ প্রয়োজন।

রবিবার সম্মেলনের ‘দ্য মোমেন্ট ইজ নাউ: আনলকিং নিউ ক্যাপিটাল ফর উইমেনস হেলথ বিয়ন্ড এইড’ শীর্ষক অধিবেশনে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি নারীস্বাস্থ্যকে মানবসম্পদ উন্নয়ন, অর্থনৈতিক সমৃদ্ধি ও দেশের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ বিনিয়োগ হিসেবে উল্লেখ করেন।

জুবাইদা রহমান জানান, মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবা সম্প্রসারণে সরকার এক লাখ কমিউনিটি ও ওয়েলবিইং কর্মী নিয়োগের পরিকল্পনা করেছে। তাদের প্রায় ৮০ শতাংশ নারী হবেন। পাশাপাশি ২৫ হাজার পেশাদার মিডওয়াইফ নিয়োগের পরিকল্পনাও রয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে নিরাপদ প্রসব নিশ্চিত করা, অপ্রয়োজনীয় চিকিৎসা হস্তক্ষেপ কমানো এবং নারীদের মানসম্মত মাতৃত্বকালীন সেবা দেওয়ার লক্ষ্য রয়েছে।

তিনি কিশোরীদের রক্তস্বল্পতা, মাতৃ অপুষ্টি, প্রতিরোধযোগ্য মাতৃ ও নবজাতকের মৃত্যু এবং নারীদের ক্যানসার মোকাবিলায় বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন। এ ক্ষেত্রে আন্তর্জাতিক সংস্থা, উন্নয়ন অর্থায়নকারী প্রতিষ্ঠান ও বেসরকারি খাতকে বাংলাদেশের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

সম্মেলনে বাংলাদেশের জন্য ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের ২৫ কোটি ইউরোর সার্বভৌম ঋণ নারীস্বাস্থ্য উদ্যোগে ব্যবহারের জন্য পুনর্বিন্যাসের চুক্তি ঘোষিত হয়। ২০২৭ থেকে ২০৩১ সাল পর্যন্ত এ উদ্যোগের আওতায় প্রায় ৪ কোটি ৭০ লাখ নারী ও কিশোরীকে স্বাস্থ্যসেবার আওতায় আনার লক্ষ্য রয়েছে। বাস্তবায়নে সরকারের সঙ্গে কাজ করবে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)।

জা.অর্থনীতি/এসআই