যশোর প্রতিনিধি: যশোরে ময়লা-আবর্জনা ফেলা ও পরিচ্ছন্নতা বজায় রাখা নিয়ে বিরোধের জেরে বাংলাদেশি চলচ্চিত্র ও নাট্যশিল্পী শম্ভু চৌধুরীকে (৬০) লাঠি দিয়ে মাথায় আঘাত করে জখম করার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের বেজপাড়া নলডাঙ্গা এলাকায় নিজের বাড়ির সামনে একটি মোটরসাইকেল গ্যারেজের পাশে এ ঘটনা ঘটে।
আহত শম্ভু চৌধুরী ওই এলাকার মৃত আবুল কাশেম চৌধুরীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তার বাড়ির সামনে অবস্থিত একটি মোটরসাইকেল গ্যারেজের কর্মচারীদের সঙ্গে ময়লা-আবর্জনা ফেলা ও পরিচ্ছন্নতা বজায় রাখা নিয়ে তার কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে জাহাঙ্গীর (৩৬) ও হৃদয় (৩২) নামের দুই ব্যক্তি তাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন বলে অভিযোগ উঠেছে। এতে তার মাথা কেটে যায় এবং রক্তাক্ত জখম হয়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।
হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা শেষে দুপুর ১টা ২০ মিনিটের দিকে তিনি বাড়ি ফিরে যান।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. বিচিত্র মল্লিক জানান, দুপুর ১২টা ৪০ মিনিটে মাথায় কাটা জখম নিয়ে শম্ভু চৌধুরী হাসপাতালে আসেন। তাঁর ক্ষতে কয়েকটি সেলাই দেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাড়ি ফিরে যান।
এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, অভিনেতার ওপর হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জড়িতদের ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। শিগগিরই তাদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
—জা. অর্থনীতি/এনজে