জাতীয় অর্থনীতি সারাবাংলা: পবিত্র ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গিয়ে ক্ষেপণাস্ত্র হামলায় আহত হয়ে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মাওলানা নাসরুল্লাহ নামে এক মাদ্রাসা শিক্ষক ও শিক্ষা সচিবের মৃত্যু হয়েছে।
নিহত মাওলানা নাসরুল্লাহ নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের ঢালুয়া গ্রামের ওলামা বাড়ির মাওলানা মোহাম্মদ উল্লাহর ছেলে। তিনি স্থানীয় ঢালুয়া জামিয়া রবিউল উলুম ইসলামিয়া মাদ্রাসার শিক্ষা সচিব হিসেবে কর্মরত ছিলেন।
গতকাল শুক্রবার (১০ অক্টোবর) সৌদি আরবের রিয়াদের কিং খালেদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ৩ নম্বর টার্মিনালে একটি ক্ষেপণাস্ত্র হামলায় তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শনিবার (১১ অক্টোবর) বিকেল ৪টার দিকে তার দেশে থাকা স্বজনেরা এই মৃত্যুর খবর পান।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওমরাহ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ বিমানযোগে সৌদি আরবের রিয়াদে পৌঁছান তিনি। সেখান থেকে মক্কায় যাওয়ার প্রাক্কালে রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনালে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে তিনি গুরুতর আহত হন।
মৃত্যুকালে তিনি স্ত্রী মাহবুবা, দুই ছেলে জামিল (৭) ও জায়ায (২), এক মেয়ে নাবিলা (৫) এবং বাবা-মা সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
নিহতের দুলাভাই মাওলানা নাছির উদ্দীন জানান, শুক্রবার সকালে তিনি ওমরাহর উদ্দেশ্যে দেশ ছাড়েন। শনিবার বিকেলে তার মৃত্যুর খবর স্বজনদের জানানো হয়। এ ঘটনায় নিহতের গ্রামসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
—জা. অর্থনীতি/এলএটি