লালমনিরহাটে ট্রাকচাপায় দুই নারী নিহত
ছবি: জাতীয় অর্থনীতি

জাতীয় অর্থনীতি সারাবাংলা: লালমনিরহাটে সকালে হাঁটতে বেরিয়ে সিমেন্টবোঝাই এক অনিয়ন্ত্রিত ট্রাকের চাপায় পিষ্ট হয়ে দুই নারীর মৃত্যু হয়েছে। লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

শনিবার (১০ অক্টোবর) ভোরে লালমনিরহাট সদর উপজেলার তিস্তা-বড়বাড়ী মহাসড়কের ফকিরের তকেয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের মোস্তফি ধুমেরকুটি এলাকার ফজিলা বেগম ও জমিলা বেগম।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ফজরের নামাজ আদায় শেষে প্রতিদিনের মতো প্রাতঃভ্রমণে বের হয়েছিলেন ওই দুই নারী। পথিমধ্যে ফকিরের তকেয়া এলাকায় পৌঁছালে রংপুর থেকে আসা একটি সিমেন্টবোঝাই দ্রুতগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের করুণ মৃত্যু হয়।

ঘটনার পরপরই স্থানীয় ক্ষুব্ধ জনতা ধাওয়া করে ঘাতক ট্রাকটি আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে লালমনিরহাট সদর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে নিহতের স্বজনদের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি তাদের নিকট হস্তান্তর করা হয়েছে।

ওসি জানান, সড়ক দুর্ঘটনায় দুই নারীর মৃত্যুর ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং আটক ট্রাকের বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

—জা. অর্থনীতি/এলএটি