স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজ খেলতে নামছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। শুক্রবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় ব্রিসবেনে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। শক্তিশালী অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে চমকে দেওয়ার প্রত্যয় জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
ইতিহাস, ঐতিহ্য ও শক্তিমত্তায় অস্ট্রেলিয়ার চেয়ে পিছিয়ে থাকলেও দলগত পারফরম্যান্সের মাধ্যমে নিজেদের সামর্থ্য দেখাতে চায় বাংলাদেশ। ম্যাচের আগের সংবাদ সম্মেলনে জ্যোতি বলেন, সবাই একসঙ্গে ভালো খেলতে পারলে যেকোনো দলকেই চমকে দেওয়া সম্ভব। তাই ব্যক্তিগত পারফরম্যান্সের পাশাপাশি দল হিসেবে খেলার ওপর গুরুত্ব দিচ্ছেন তারা।
অস্ট্রেলিয়ার মাটিতে এর আগে চারটি ম্যাচ খেলেছে বাংলাদেশ নারী দল। তবে সেগুলো ছিল টি-টোয়েন্টি। এবারই প্রথম অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাটিতে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে দলটি। নতুন পরিবেশ ও ভিন্ন কন্ডিশনে খেলাকে চ্যালেঞ্জ হিসেবে দেখলেও সেখানে খেলতে পেরে রোমাঞ্চিত জ্যোতি।
অস্ট্রেলিয়ায় বাংলাদেশ দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব শুরু করেছেন ডেভিড হেম্প। দেশটিতে দীর্ঘদিন কোচিং করানোর অভিজ্ঞতা থাকায় সেখানকার কন্ডিশন সম্পর্কে তার ভালো ধারণা রয়েছে। পিচের ধরন এবং অস্ট্রেলিয়ার খেলার কৌশল নিয়ে হেম্পের কাছ থেকে ধারণা পেয়েছেন ক্রিকেটাররা। সে অনুযায়ী অনুশীলনও করছেন তারা।
ওয়ানডে ফরম্যাটে নিজেদের সামর্থ্যের ওপর আস্থা রয়েছে বাংলাদেশের অধিনায়কের। জ্যোতির মতে, দেশের মেয়েরা এই ফরম্যাটে ভালো খেলে এবং দলের কয়েকজন বিশেষজ্ঞ খেলোয়াড়ও রয়েছেন। মাঠে পরিকল্পনা বাস্তবায়ন ও ইতিবাচক মানসিকতা ধরে রাখতে পারলে ভালো কিছু করা সম্ভব বলে আশাবাদী তিনি।
জা.অর্থনীতি/এসআই
