ভূমিকম্পের পর ফাটল, দিল্লিতে ভবন ধসে নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সীমাপুরি এলাকায় একটি আবাসিক ভবন ধসে তিনজন নিহত ও আটজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে চার মাসের অন্তঃসত্ত্বা ২১ বছর বয়সী এক নারী এবং ২ শিশু রয়েছে। বুধবার (৭ অক্টোবর) এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রশাসনের ধারণা, মঙ্গলবার উত্তরাখণ্ডের চামোলিতে আঘাত হানা ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পের পর ভবনটিতে ফাটল দেখা দিয়েছিল। সেই ফাটল থেকেই ভবনটি ধসে পড়তে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ধসের প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়।

দিল্লি পৌর করপোরেশন (এমসিডি) জানিয়েছে, প্রতিবেশীদের বক্তব্য অনুযায়ী ভূমিকম্পের পর ভবনটিতে ফাটল দেখা দেয়। এরপর ভবনটির মালিক বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছিলেন। এর মধ্যেই ভবনটি ধসে পড়ে।

পুলিশের তথ্য অনুযায়ী, ভবনটি প্রায় ২২৫ বর্গফুট জায়গার ওপর নির্মিত ছিল। এমসিডির হিসাবে, এটি ছিল তিনতলা একটি ভবন। ভবনটি প্রায় ২০ থেকে ২৫ বছরের পুরোনো এবং দুর্ঘটনার সময় সেখানে লোকজন বসবাস করছিলেন।

নিহতদের মধ্যে গুলাফসা নামের ২১ বছর বয়সী নারী ছাড়াও প্রায় ১২ বছর বয়সী একটি মেয়ে ও দেড় বছর বয়সী একটি শিশু রয়েছে। আহত আটজনের বয়স ৩ থেকে ৫৬ বছরের মধ্যে। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ভবন ধসের প্রভাবে পাশের একটি ভবনের দেয়াল এবং কাছের একটি মসজিদের সীমানাপ্রাচীরও ভেঙে পড়ে। খবর পেয়ে জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে।

এর এক মাস আগে, ৬ সেপ্টেম্বর দক্ষিণ-পশ্চিম দিল্লির সত্য নিকেতনে একটি ভবন ধসে সাতজন নিহত ও ১২ জন আহত হয়েছিলেন।

জা.অর্থনীতি/এসআই