সৌদির দুই বিমানবন্দরে হুথি হামলায় নিহত ৩, আহত ৩৬

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের দুটি বিমানবন্দরে হুথিদের হামলায় তিন বেসামরিক নাগরিক নিহত ও ৩৬ জন আহত হয়েছেন। সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ) এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার ও বুধবার পৃথক হামলায় আবহা আন্তর্জাতিক বিমানবন্দর এবং রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্যবস্তু করা হয়।

জিএসিএ জানায়, আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় মরক্কো ও আলজেরিয়ার দুই নারী নিহত হন। এ ঘটনায় আরও ২৮ জন আহত হয়েছেন।

অন্যদিকে, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় সুদানের এক নাগরিক নিহত হন। সেখানে আটজন আহত হয়েছেন, যাদের মধ্যে পাঁচজন সৌদি নাগরিক।

জিএসিএ জানিয়েছে, যাত্রী ও বিমানবন্দরকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট নিরাপত্তা কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি মূল্যায়ন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, রিয়াদের উত্তরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। একই সঙ্গে ইয়েমেনের রাজধানী সানায় সৌদি রাজধানীতে হামলা চালাতে ব্যবহৃত একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্ম ধ্বংস করা হয়েছে।

এর আগে ১৮ সেপ্টেম্বর রিয়াদ বিমানবন্দর লক্ষ্য করে ছোড়া একটি সন্দেহভাজন হুথি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি করেছিল সৌদি নেতৃত্বাধীন জোট। পরদিন বিমানবন্দরের কাছে বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং জ্বালানি সংরক্ষণ এলাকায় কালো ধোঁয়া দেখা যায়।

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার জানিয়েছে, বুধবার ভোরে হুথিরা এডেন বিমানবন্দরেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জা.অর্থনীতি/এসআই