ক্যান্সার চিকিৎসায় যুক্ত হচ্ছে ১৭ নতুন রেডিওথেরাপি মেশিন

অনলাইন ডেস্ক: ক্যান্সার রোগীদের চিকিৎসা সহজ ও সহজলভ্য করতে দেশের বিভিন্ন হাসপাতালে ১৭টি নতুন রেডিওথেরাপি মেশিন স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বুধবার (৭ অক্টোবর) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, নতুন ১৭টি মেশিনের মধ্যে ঢাকার বিভিন্ন বিশেষায়িত হাসপাতাল ও মেডিকেল কলেজে ছয়টি এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ১১টি স্থাপন করা হবে। এসব মেশিন পরিচালনার জন্য প্রয়োজনীয় টেকনিশিয়ান ও জনবল প্রশিক্ষণের কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।

তিনি বলেন, দেশে ক্যান্সার রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে দরিদ্র মানুষের জন্য ক্যান্সারের চিকিৎসা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ। কেমোথেরাপি ও রেডিওথেরাপির যন্ত্র নষ্ট থাকায় অনেক রোগী প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। এ সংকট মোকাবিলায় নতুন মেশিন কেনার উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে পরিবার পরিকল্পনা খাত শক্তিশালী করতে আগামী ১ ডিসেম্বর থেকে এক বছরব্যাপী প্রচারাভিযান শুরু হবে। ২০২৬ সালের ১ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৩০ নভেম্বর পর্যন্ত চলা এ কর্মসূচিতে র‌্যালি, মেলা, সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি পরিবার পর্যায়ে প্রয়োজনীয় জন্মনিয়ন্ত্রণ সামগ্রী ও পরামর্শ পৌঁছে দেওয়া হবে।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে মন্ত্রী জানান, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯৪ হাজার ৩৫৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৮৮ হাজার ২৯৯ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।

জা.অর্থনীতি/এসআই