বিনোদন ডেস্ক: ‘বাংলাদেশ চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতি’র ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান পরিণত হয়েছিল তারকাময় মিলনমেলায়। জমকালো এই আয়োজনে বাংলা চলচ্চিত্রের সোনালী যুগের জনপ্রিয় চিত্রনায়িকা ও গুণী অভিনেত্রী ফারহানা আমিন রত্না নূতনকে আজীবন সম্মাননায় ভূষিত করা হয়েছে।
সম্প্রতি আরেক কিংবদন্তি অভিনেত্রী সুজাতা এবং চিত্রনায়িকা পূর্ণিমার হাত থেকে এই সম্মাননা গ্রহণ করেন নূতন। এ সময় মঞ্চে সুজাতার পা ছুঁয়ে শ্রদ্ধা জানান তিনি।
অনুষ্ঠানে নৃত্য পরিচালক সমিতির নতুন কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন আজিজ রেজা, এস এম মাসুম ও ইমদাদুল হক খোকন। এছাড়া সংগঠনের নতুন সভাপতি হিসেবে মো. সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে সাইফ খান দায়িত্বভার গ্রহণ করেছেন। নতুন কমিটির এই অভিষেক অনুষ্ঠানে আজীবন সম্মাননা পাওয়ার পর নিজের উচ্ছ্বাস প্রকাশ করে নূতন বলেন, ‘বাংলাদেশ চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতির প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই। শ্রদ্ধেয় সুজাতা আপার হাত থেকে এই সম্মাননা গ্রহণ করা আমার জন্য ভীষণ গর্বের বিষয় ছিল।’
এদিকে পুরো অনুষ্ঠানজুড়ে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পূর্ণিমা। ইভান শাহরিয়ার সোহাগের আন্তরিক আমন্ত্রণে এই আয়োজনে যোগ দিয়ে আনন্দ প্রকাশ করে পূর্ণিমা বলেন, ‘নূতন ম্যামের মতো একজন কিংবদন্তি শিল্পীকে আজীবন সম্মাননা দেওয়ার ঐতিহাসিক মুহূর্তটির সাক্ষী হতে পেরে আমি ভীষণ গর্বিত। এমন একটি সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণ আয়োজনে থাকতে পেরে সত্যি খুব ভালো লাগছে।’
নৃত্যশিল্পীদের এই জমকালো আয়োজনে জ্যেষ্ঠ ও নবীন শিল্পীদের মিলনমেলা বাংলা চলচ্চিত্র অঙ্গনে এক দারুণ ইতিবাচক আবহ তৈরি করেছে।
জা. অর্থনীতি/এআর