শফিক আহমদ শফি, সিলেট: শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে সিলেটের বিভিন্ন মণ্ডপে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন সিলেটের প্রতিমাশিল্পীরা। সময় ঘনিয়ে আসার সাথে সাথে মার্কেটগুলোতে কেনাকাটা পুরোদমে জমে উঠেছে।
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে পুরো জেলাজুড়ে এখন উৎসবের আমেজ বিরাজ করছে।
সরেজমিনে নগরীর দাড়িয়াপাড়া এলাকা পরিদর্শনে গিয়ে দেখা যায়, স্হানীয় প্রতিমালয়ে এখন চলছে প্রতিমা তৈরির শেষ ধাপের কাজ। কোথাও মাটির কাজ শেষ করে চলছে রঙের প্রস্তুতি, কোথাও দেবীর মুখমণ্ডলে ফুটিয়ে তোলা হচ্ছে শেষ রেখা। পাশাপাশি পোশাক, চুল ও অলংকারে প্রতিমাকে পূর্ণাঙ্গ রূপ দিতে ব্যস্ত সময় পার করছেন কারিগরেরা।
শুধু প্রতিমা তৈরিই নয়, নগরের বিভিন্ন পূজামণ্ডপেও চলছে সাজসজ্জার শেষ মুহূর্তের প্রস্তুতি। কোথাও থিমের কাজ এগিয়ে চলছে, কোথাও চলছে আলোকসজ্জা ও মণ্ডপের নকশা তৈরির কাজ।
কুমিল্লায় এবার ৮৬০ মণ্ডপে হবে দুর্গাপূজা
এদিকে দুর্গাপূজাকে সামনে রেখে হাসানমার্কেট, হকার্স মার্কেট, মধুবন, শুকরিয়া মার্কেটসহ নগরের বিভিন্ন বিপণিবিতানেও বাড়ছে ক্রেতাদের আনাগোনা।
একই চিত্র দেখা গেছে, নগরীর অন্যান্য এলাকাসহ জেলার ১৩টি উপজেলায়। এবার সিলেট জেলা ও মহানগর মিলিয়ে এবার ৬৩৬টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। গত বছরর চেয়ে এবার পূজা মণ্ডপের সংখ্যা বেড়েছে। গত বছরে সিলেট জেলা ও মহানগরীর ৬১৮টি মন্দির-মণ্ডপে পূজা হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সিলেট জেলা ও মহানগর শাখা সূত্রে এসব তথ্য জানা গেছে।
সংগঠনটি জানায়, এবার সিলেট জেলা পর্যায়ে সর্বজনীন ৪৪৮টি ও পারিবারিক ২৬টিসহ মোট ৪৭৪টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সিলেট মহানগর এলাকায় সর্বজনীন ১৪৬টি ও পারিবারিক উদ্যোগে ১৬টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আগামী ১৮ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে ৫ দিনব্যাপী দুর্গাপূজা শুরু হবে।
—জা. অর্থনীতি/এনজে