যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু
ছবি: সংগৃহীত

জামালপুর প্রতিনিধি: জামালপুরের তারাকান্দিতে অবস্থিত যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে।

গ্যাস সরবরাহের ১৮ দিন পর মঙ্গলবার (৬ অক্টোবর) ভোরে সার উৎপাদনে গেছে কারখানাটি।

কারখানার ভারপ্রাপ্ত ব্যবস্থাপক দেলোয়ার হোসেন জানান, চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার পর থেকেই বন্ধ ছিল কারখানার ইউরিয়া উৎপাদন। দীর্ঘ ২১৬ দিন পর গত ১৮ সেপ্টেম্বর থেকে যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু করে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। গ্যাস পাওয়ার পর কারখানা সচল করে আজ ভোররাত থেকে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। 

উল্লেখ্য, যমুনা সার কারখানায় প্রতিদিন উৎপাদন করা হয় প্রায় ১ হাজার ৭০০ মেট্রিক টন দানাদার ইউরিয়া। এই সার জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইলসহ কমান্ড এলাকার ১৯ জেলায় সরবরাহ করা হয়।

—জা. অর্থনীতি/এনজে