‘বিষ মেশানো ধান’ খেয়ে খামারির ৭০ হাঁসের মৃত্যু, অসুস্থ দুই শতাধিক
ছবি: জাতীয় অর্থনীতি

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় জমিতে ‘বিষ মেশানো ধান’ ছড়িয়ে রাখার অভিযোগ উঠেছে। ওই ধান খেয়ে শাহাবুদ্দিন (৩৫) নামের এক খামারির ৭০টি ডিমপাড়া হাঁস মারা গেছে। এতে আরও দুই শতাধিক হাঁস অসুস্থ হয়ে পড়েছে বলে দাবি তার।

রোববার (৪ অক্টোবর) উপজেলার পূর্ব সিঙ্গুর এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শাহাবুদ্দিন ওই এলাকার বাসিন্দা। তিনি জানান, তার খামারে ক্যাম্পবেল জাতের ৩১০টি হাঁস ছিল, যা স্থানীয়ভাবে ‘টেপি হাঁস’ নামে পরিচিত। অধিকাংশ হাঁস ডিম দিত। প্রতিদিন সকালে বাড়ির পাশের হাতপারি গাঙ নামের ছোট নদীতে হাঁসগুলো ছেড়ে দিতেন, বিকেলে বাড়ি ফিরিয়ে আনতেন।

বালু-পাথর ব্যবসায়ী থেকে সফল কৃষি উদ্যোক্তা মনিরুজ্জামান

রোববার সকালেও হাঁস নদীতে ছেড়ে আসেন তিনি। দুপুরে প্রতিবেশীদের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৭০টি মৃত হাঁস দেখতে পান। সেখানে আরও ৬টি মৃত হাঁস পড়ে ছিল স্থানীয়দের। পরে বাকি হাঁসগুলো বাড়িতে নিয়ে আসেন।

শাহাবুদ্দিনের ভাষ্য, নদীর কিনারের একটি জমিতে কিছু ধান ছড়িয়ে-ছিটিয়ে রাখা ছিল। মৃত হাঁসের পেটের ভেতর ওই ধান পাওয়া গেছে। বিষ মেশানো ধান খেয়েই হাঁসগুলো মারা গেছে বলে তার ধারণা।

জানা গেছে, জীবিকার তাগিদে পাঁচ বছর আগে সৌদি আরবে গিয়েছিলেন শাহাবুদ্দিন। ২০২৪ সালে অসুস্থ হয়ে দেশে ফিরে হাঁসের খামার গড়ে তোলেন। এই খামারের আয়েই তার সংসার চলে। অসুস্থ হাঁসগুলোকে প্রাণিচিকিৎসকের পরামর্শে ওষুধ খাওয়ানো হচ্ছে।

এ বিষয়ে বরমচাল ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ময়নুল হক বলেন, ঘটনাটি অমানবিক। জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। খামারের মালিককে কুলাউড়া থানায় লিখিত অভিযোগ দিতে পরামর্শ দেওয়া হয়েছে।

 

—জা. অর্থনীতি/এনজে