পাটের মোড়ক ব্যবহার না করায় তিন ব্যবসায়ীকে জরিমানা
ছবি: জাতীয় অর্থনীতি

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পণ্যে বাধ্যতামূলক পাটজাত মোড়ক ব্যবহার না করায় তিন চাল ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৪ অক্টোবর) বিকেল চারটার দিকে উপজেলার হাবিবপুর থানা রোড বাজার এলাকায় সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের নির্দেশনায় এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন সরকার।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০-এর ১৪ ধারায় আইন অমান্য করায় মেসার্স নিঝুম রাইস এজেন্সির স্বত্বাধিকারী মো. নবী হোসেন, আব্দুর রহমান দুলাল রাইস এজেন্সি এবং সোনারগাঁ খাদ্য ভান্ডারের স্বত্বাধিকারী সাকিমুল করিম আদনকে ছয় হাজার টাকা করে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক মো. এনায়েত হোসেনসহ সোনারগাঁ থানা পুলিশের একটি দল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন সরকার জানান, পরিবেশবান্ধব পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিত করতে এবং সরকারি আইন বাস্তবায়নে উপজেলা জুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

—জা. অর্থনীতি/এলএটি