নির্মাণ শেষের আগেই ঢাকা বাইপাস সড়কে ফাটল
ছবি: জাতীয় অর্থনীতি

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও সোনারগাঁও থানা এলাকার মধ্যবর্তী ঢাকা বাইপাস সড়কের (এশিয়ান হাইওয়ে) গাউছিয়া-সিংলাব অংশ নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই প্রায় ২৫০ মিটার এলাকাজুড়ে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। সড়কের বিভিন্ন স্থানে ফাটলের পাশাপাশি কয়েকটি অংশ ডেবে যাওয়ায় ওই অংশে যান চলাচল বন্ধ করে দিয়েছে সড়ক ও জনপথ (সওজ) কর্তৃপক্ষ।

রোববার (৪ অক্টোবর) সকাল থেকে স্থানীয়রা সড়কের বিভিন্ন স্থানে ফাটল দেখতে পান। পরে দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে যান ঢাকা বাইপাস সড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের পরিচালক সৈয়দ আসলাম আলী।

সরেজমিনে দেখা যায়, সড়কের কোথাও পিচের স্তর উঠে গেছে, আবার কোথাও মাটি সরে গিয়ে পৃষ্ঠ অসমান হয়ে পড়েছে। এতে কাঞ্চন ব্রিজ থেকে মস্তল পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট দেখা দেয়। দুর্ভোগে পড়েন পথচারী ও আটকা পড়া পরিবহন চালকেরা।

স্থানীয়দের অভিযোগ, সড়ক নির্মাণের সময় দুই পাশে পর্যাপ্ত গাইড ওয়াল বা সুরক্ষাব্যবস্থা না রেখে অপরিকল্পিতভাবে মাটি কাটা হয়েছে। নিম্নমানের সামগ্রী ব্যবহার ও পর্যাপ্ত প্রতিরক্ষা না থাকায় মাটি সরে গিয়ে সড়কটিতে এমন ধস নেমেছে বলে তারা ক্ষোভ প্রকাশ করেন।

প্রকল্প পরিচালক সৈয়দ আসলাম আলী জানান, টানা দুই-তিন দিনের বৃষ্টিতে মাটি নরম হয়ে পড়েছিল, যার ওপর দিয়ে ভারী যানবাহন চলাচলের কারণে এমন ফাটল ও ধস তৈরি হয়েছে। বিকল্প ডাইভারশন সড়কে যান চলাচলের ব্যবস্থা করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত অংশে ড্রিল করে দ্রুত মেরামতের কাজ শুরু করা হচ্ছে বলে জানান তিনি।  

—জা. অর্থনীতি/এলএটি