ট্রেনের হুক ছিঁড়ে বগি বিচ্ছিন্ন, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
ছবি: জাতীয় অর্থনীতি

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরের বনাঞ্চলে চট্টগ্রামগামী আন্তঃনগর ‘পাহাড়িকা এক্সপ্রেস’ ট্রেনের বগির সংযোগস্থল (হুক) ছিঁড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে সিলেটের সাথে ঢাকা ও চট্টগ্রামসহ সারাদেশের ট্রেন যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

শুক্রবার (২ অক্টোবর) দুপুর ১টা ১৫ মিনিটের দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি পথ অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শিপলু সূত্রধর।

রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি লাউয়াছড়া গভীর বনের ভেতরের ট্র্যাক অতিক্রম করছিল। এ সময় আকস্মিকভাবে চালকের পেছনের দুটি বগির মধ্যকার জোড়ার হুক ছিঁড়ে যায়। ফলে ট্রেনের পেছনের অংশ বিচ্ছিন্ন হয়ে মূল ট্রেন থেকে আলাদা হয়ে পড়ে এবং ওই একক ট্র্যাকে রেল চলাচল বিচ্ছিন্ন হয়ে পড়ে।

সংবাদ পেয়ে শ্রীমঙ্গল থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। উদ্ধারকাজ ও যান্ত্রিক মেরামত সম্পন্ন না হওয়া পর্যন্ত সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রুটে দূরপাল্লার ট্রেন চলাচল স্থগিত থাকবে বলে জানিয়েছে স্টেশন কর্তৃপক্ষ।

দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও লাউয়াছড়ার দুর্গম বনাঞ্চলে আচমকা ট্রেন থেমে যাওয়ায় নারী ও শিশুসহ হাজারও যাত্রী চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। কারিগরি টিম সংযোগ নিশ্চিত করার পরই স্বাভাবিক ট্রেন চলাচল শুরু হবে বলে জানা গেছে।  

—জা. অর্থনীতি/এলএটি